মানসিক প্রশান্তি ও একাকিত্ব কমাতে বিড়ালের সঙ্গ সহায়ক হতে পারে। তবে একই বিছানায় ঘুমালে অ্যালার্জি, সংক্রমণ ও ঘুমের ব্যাঘাতের ঝুঁকিও রয়েছে।
রাতে পোষা বিড়ালকে পাশে নিয়ে ঘুমানো। © সংগৃহীত
রাতে পোষা বিড়ালকে পাশে নিয়ে ঘুমান অনেকেই। কারও বিড়াল ঘুমায় বালিশের পাশে, কারও পায়ের কাছে, আবার কেউ বিড়ালকে বুকের ওপর নিয়েই ঘুমান। পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও আবেগের জায়গা থেকে অভ্যাসটি স্বাভাবিক মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে কিছু স্বাস্থ্যগত প্রশ্ন। বিড়ালকে পাশে নিয়ে ঘুমালে কি মানসিক প্রশান্তি বাড়ে? ঘুমের মান ভালো হয়, নাকি উল্টো ঘুমের ব্যাঘাত ঘটে? একই বিছানায় থাকার কারণে মানুষের শরীরে কোনো রোগ ছড়ানোর আশঙ্কা আছে কি?
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক মানসিক স্বস্তি দিতে পারে। তবে বিড়ালের সঙ্গে একই বিছানায় ঘুমানোর উপকারিতা নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা নেই। বরং কিছু গবেষণায় ঘুমের ব্যাঘাত, অ্যালার্জি এবং প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে।
অর্থাৎ, বিড়ালকে পাশে নিয়ে ঘুমানো সবার জন্য ক্ষতিকর নয়। তবে বিড়ালের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, টিকা ও পরজীবীনাশক ব্যবস্থাপনা এবং মানুষের শারীরিক অবস্থার ওপর এর নিরাপত্তা অনেকটাই নির্ভর করে।
বিড়ালের মল থেকে সংক্রমণের আশঙ্কা
টক্সোপ্লাজমোসিস নিয়ে বিড়ালপ্রেমীদের মধ্যে অনেক সময় উদ্বেগ দেখা যায়। তবে এ ক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার থাকা জরুরি—শুধু বিড়ালের পাশে ঘুমালেই টক্সোপ্লাজমোসিস হয় না। সাধারণত সংক্রমিত বিড়ালের মল থেকে ছড়িয়ে পড়া পরজীবী কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করলে সংক্রমণ ঘটে। দূষিত মাটি, পানি বা খাবারের মাধ্যমেও এ পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, গর্ভাবস্থায় প্রথমবার টক্সোপ্লাজমা সংক্রমণ হলে তা গর্ভস্থ শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে শিশুর চোখ ও মস্তিষ্কের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রেও সংক্রমণ জটিল হতে পারে।
তবে বিড়াল পুষলেই টক্সোপ্লাজমোসিস হবে, এমন ধারণা ঠিক নয়। সিডিসি বলছে, বিড়ালের মল প্রতিদিন পরিষ্কার করলে সংক্রমণের ঝুঁকি কমানো যায়। কারণ, মলের সঙ্গে বের হওয়া পরজীবী সাধারণত এক থেকে পাঁচ দিন পর সংক্রমণ ছড়ানোর উপযোগী হয়।
পরিচ্ছন্ন বিড়ালও কি জীবাণুর বাহক হতে পারে?
বিড়াল নিয়মিত গোসল না করলেও নিজেকে পরিষ্কার রাখে। কিন্তু এর অর্থ এই নয় যে তার শরীরে কোনো জীবাণু নেই। বাইরে চলাফেরা করা বিড়ালের পায়ের পাতা ও লোমে মাটি, ব্যাকটেরিয়া, পরজীবী কিংবা অন্যান্য জীবাণু লেগে থাকতে পারে।
২০২২ সালে প্যাথোজেনস সাময়িকীতে প্রকাশিত Zoonotic Risks of Sleeping with Pets গবেষণায় ২৮টি কুকুর ও ২২টি বিড়ালকে পর্যবেক্ষণ করা হয়। গবেষকেরা প্রাণীগুলোর লোম, পায়ের পাতা ও ঘুমানোর জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন।
গবেষণায় ২২টি বিড়ালের মধ্যে ৭টির লোম বা পায়ের পাতায় এন্টারোব্যাকটেরিয়াসি গোত্রের ব্যাকটেরিয়া পাওয়া যায়। বিড়ালের ঘুমানোর জায়গার পাঁচটিতে মাছির উপস্থিতিও শনাক্ত হয়। তবে গবেষণায় অন্য যেসব রোগজীবাণু খোঁজা হয়েছিল, সেগুলো পাওয়া যায়নি।
গবেষকেরা সতর্ক করেছেন, পোষা প্রাণীর সঙ্গে একই বিছানায় ঘুমানোর ফলে মানুষের সঙ্গে প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ বাড়ে। এতে কিছু জীবাণু মানুষের শরীরে প্রবেশের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এটি ছিল ছোট পরিসরের প্রাথমিক গবেষণা। এ গবেষণার ফল দিয়ে সব পোষা বিড়ালকে সংক্রমণের উৎস হিসেবে চিহ্নিত করা যাবে না।
যাদের ক্ষেত্রে সতর্কতা বেশি প্রয়োজন
বিড়ালের সঙ্গে ঘুমানোর ক্ষেত্রে সবার ঝুঁকি এক রকম নয়। বিশেষ করে কয়েকটি শ্রেণির মানুষের বাড়তি সতর্কতা প্রয়োজন।
গর্ভবতী নারী: টক্সোপ্লাজমোসিসের কারণে গর্ভস্থ শিশুর ক্ষতির আশঙ্কা থাকায় বিড়ালের মল পরিষ্কারের কাজ অন্য কাউকে দিয়ে করানো ভালো।
রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল ব্যক্তি: ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন, অঙ্গ প্রতিস্থাপন হয়েছে কিংবা রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন ব্যক্তিদের সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে।
অ্যালার্জি ও হাঁপানির রোগী: বিড়ালের লোম, ত্বকের মৃত কোষ ও লালার প্রোটিন থেকে অ্যালার্জির উপসর্গ বাড়তে পারে।
ছোট শিশু: শিশুদের বিড়ালের আঁচড় বা কামড় থেকে রক্ষা করা এবং প্রাণীর সংস্পর্শের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
বিড়ালকে পাশে নিয়ে ঘুমালে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা ও গবেষণার ফল বিবেচনায় বিড়ালের সঙ্গে ঘুমানোর ক্ষেত্রে কয়েকটি অভ্যাস অনুসরণ করা যেতে পারে।
১. বিড়ালকে নিয়মিত পশুচিকিৎসকের কাছে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
২. সময়মতো টিকা, কৃমিনাশক ও মাছি-উকুন প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।
৩. বিড়ালের লিটার বক্স প্রতিদিন পরিষ্কার করতে হবে। পরিষ্কারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।
৪. বিড়ালকে বাইরে শিকার করা বা অপরিচিত প্রাণীর সংস্পর্শে যাওয়া থেকে যথাসম্ভব বিরত রাখতে হবে।
৫. বিছানার চাদর, বালিশের কভার ও কম্বল নিয়মিত পরিষ্কার করতে হবে। বিড়ালের জন্য আলাদা ঘুমানোর জায়গা রাখাও ভালো অভ্যাস।
৬. বিড়ালের আঁচড় বা কামড় এড়িয়ে চলতে হবে। ক্ষত হলে দ্রুত সাবান ও পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
৭. অ্যালার্জি, হাঁপানি কিংবা ঘুমের সমস্যা দেখা দিলে বিড়ালকে শোবার ঘরের বাইরে রাখার কথা বিবেচনা করতে হবে।
সিডিসি এবং আমেরিকান কলেজ অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজির (ACAAI) নির্দেশনায় এসব সতর্কতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তাহলে বিড়ালকে পাশে নিয়ে ঘুমানো কি বন্ধ করতে হবে?
গবেষণার ফল বলছে, পোষা বিড়ালের সঙ্গে ঘুমানো মানেই স্বাস্থ্যঝুঁকি—এমন সিদ্ধান্তের বৈজ্ঞানিক ভিত্তি নেই। একইভাবে বিড়ালকে পাশে নিয়ে ঘুমালে মানসিক চাপ কমবে কিংবা ঘুমের মান উন্নত হবে, সেটিও নিশ্চিত নয়।
২০২৪ সালের গবেষণায় পোষা প্রাণীর সঙ্গে ঘুমানোর সামগ্রিক নেতিবাচক সম্পর্ক পাওয়া গেলেও বিড়ালের ক্ষেত্রে ঘুমের মান খারাপ হওয়ার স্পষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। অন্যদিকে, ২০২২ সালের গবেষণা দেখিয়েছে, সুস্থ দেখালেও পোষা প্রাণীর শরীরে কিছু সম্ভাব্য রোগজীবাণু থাকতে পারে।
সুতরাং, বিড়ালের সঙ্গে ঘুমানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের পাশাপাশি স্বাস্থ্যবিধিও বিবেচনায় রাখা জরুরি। বিড়ালকে ভালোবাসার অর্থ শুধু তাকে নিজের বিছানায় জায়গা দেওয়া নয়; তার স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করাও দায়িত্বের অংশ। প্রয়োজনীয় পরিচর্যা ও সতর্কতা মেনে চললে মানুষ ও পোষা বিড়ালের সহাবস্থান হতে পারে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।