প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © সংগৃহীত
প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণীর যথাযথ চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচির উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় অতিথিরা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং ভেটেরিনারি শিক্ষার ব্যবহারিক ও জনসেবামূলক গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। মানুষের পুষ্টি, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে এ খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটি অসুস্থ প্রাণী শুধু খামারির আর্থিক ক্ষতির কারণ নয়, বরং এর প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং সামগ্রিক প্রাণিজ খাদ্যব্যবস্থায়। তাই প্রাণীর চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আধুনিক প্রাণী চিকিৎসাকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালটিকে সাধারণ খামারি ও প্রাণিপ্রেমীদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপাচার্য এ বছরের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা অনুষ্ঠান শেষে উপাচার্য হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা খামারি ও প্রাণিপ্রেমীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় গবাদিপশু ও পোষা প্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক ওষুধ, ভিটামিন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকাও দেওয়া হয়।
দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মোট ২৭০টি প্রাণীকে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৬টি গরু, ৭টি ছাগল, ২৬টি হাঁস-মুরগি, ২৪টি বিড়াল ও ১০টি কুকুর রয়েছে।