টানা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো © সংগৃহীত ও সম্পাদিত
বছরের শেষ প্রান্তে শীতকালীন অবকাশ, বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানভেদে আগামী ১১ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এ ছুটি শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এবার প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিনের টানা ছুটি মিলছে।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরিতে ছুটি শুরু ১৮ ডিসেম্বর
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই সময়ে ছুটি শুরু ও শেষ হবে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মূল শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং মাঝখানে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিনের ছুটি পাচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মাদরাসায় ছুটি শুরু ১৩ ডিসেম্বর
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে ছুটি শুরু হচ্ছে মাদরাসায়। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় মূল ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তবে ছুটির আগে (১১ ও ১২ ডিসেম্বর) এবং পরে (২৫ ও ২৬ ডিসেম্বর) দুই দিন করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবেন।
কলেজে ছুটি শুরু ১৬ ডিসেম্বর
মাদরাসার পরপরই ছুটি শুরু হচ্ছে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এসব প্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এর ঠিক আগের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। এ ছাড়া ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ছে। ফলে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের দীর্ঘ ছুটি পাবেন।
নিজস্ব ক্যালেন্ডারে ছুটি দেবে বিশ্ববিদ্যালয়গুলো
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটি শুরুর তারিখ ও মেয়াদে ভিন্নতা থাকবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের এ ছুটি ১৫ দিন বা তারও বেশি হতে পারে।