মো. লতিফুল ইসলাম শিবলী © সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনাব মোঃ লতিফুল ইসলাম শিবলী-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে গ্রেড-১ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়, ‘এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষর করেছেন।