বিয়ের বয়স ১৮ বছর করার প্রস্তাব © সংগৃহীত
বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ের ন্যূনতম বয়সের পার্থক্যকে বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে চিহ্নিত করেছে আইন কমিশন। বিদ্যমান আইন অনুযায়ী, ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। এই আইনি অসমতা নারী-পুরুষের সমান অধিকারের সাংবিধানিক নীতির পরিপন্থি বলে মনে করছে কমিশন। তাই বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধন করে ছেলে ও মেয়ে উভয়ের বিবাহযোগ্য বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আইনে ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দের পরিবর্তে ‘শিশু’ শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছে কমিশন।
‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: অসামঞ্জস্যতা, সামাজিক প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে। বিদ্যমান আইনের নানা অসংগতি, মাঠপর্যায়ের পরিসংখ্যান, বিচারিক এখতিয়ারের অস্পষ্টতা এবং অংশীজনদের মতামত বিশ্লেষণ করে আইনটির সংস্কারের রূপরেখা দিয়েছে কমিশন।
গত বৃহস্পতিবার প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
আইন ও বিধিমালায় বেশ কিছু সুনির্দিষ্ট পরিবর্তনের সুপারিশ করেছে আইন কমিশন। এর মধ্যে রয়েছে, আইনের ২(১) ধারায় ‘শিশু’র সংজ্ঞা যুক্ত করে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।
বিয়ের অনুমতি ও নিষেধাজ্ঞার ক্ষেত্রে উপযুক্ত আদালত হিসেবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নির্ধারণের প্রস্তাব দিয়েছে কমিশন। বিকল্প হিসেবে শিশু আইন, ২০১৩-এর ১৬ ধারা সংশোধন করে শিশু আদালতকে এ দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া আদালতের অনুমতি সাপেক্ষে অপরাধ আপসযোগ্য করার সুপারিশ করা হয়েছে। অপরাধ সংঘটনের দুই বছরের মধ্যে অথবা ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক হওয়ার দুই বছরের মধ্যে অভিযোগ দায়েরের সময়সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে যে সময়সীমাটি পরে শেষ হবে, সেটি কার্যকর হবে।
প্রতিবেদনে বিশেষ প্রেক্ষাপটের বিষয়েও সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে কমিশন। শিশুর সম্মতিতে গর্ভাবস্থা, অভিভাবকের অনুপস্থিতি কিংবা শিশু আইন, ২০১৩-এর ৮৯ ধারা অনুযায়ী সুবিধাবঞ্চিত অবস্থা, জীবনের ঝুঁকি, পাচার বা সহিংসতার আশঙ্কা, উপযুক্ত সুরক্ষার অভাব এবং শিশুর শারীরিক ও মানসিক পরিপক্বতাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে বিবেচনার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, দারিদ্র্য, পড়াশোনার সুযোগ বা অপারগতা, প্রাক্-বৈবাহিক সম্পর্কের আশঙ্কা এবং পারিবারিক সম্মানহানির আশঙ্কাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে গ্রহণ না করার প্রস্তাব দিয়েছে আইন কমিশন।
শিশুর সম্মতি গ্রহণের ক্ষেত্রেও সুরক্ষামূলক ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবক বা প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছাড়া বিচারকের সামনে শিশুর স্বাধীন সম্মতি গ্রহণের বিধান রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ বা যাচাই কমিটির দায়িত্বে অবহেলাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছে কমিশন। এর মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।