স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে

২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ PM
রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। © সংগৃহীত

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে তিনি হাসপাতালে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সালাহউদ্দিন আহমদ। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে আহত সদস্যদের সাহস জোগান এবং দায়িত্ব পালনে তাঁদের ভূমিকার প্রশংসা করেন। তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন মন্ত্রী।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, আবার কারও হাড় ভেঙে গেছে। আহতদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় সদস্যরা প্রয়োজনে প্রাণের বিনিময়ে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় তারা নিজেরা গুরুতর আহত হলেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তারা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি এবং বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির মন্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। অন্য দেশের কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাসপাতাল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

পুলিশ সদস্যদের চিকিৎসার বড় একটি অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এ-সংক্রান্ত বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর নির্দেশনাও দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিকসের পাশাপাশি নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ক্যানসার ইউনিট বা শাখা চালুর বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

আবারও ব্যর্থ সাব্বির, নতুন করে প্রশ্নের মুখে ভবিষ্যৎ
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি …
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষাম…
  • ২৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকর…
  • ২৮ নভেম্বর ২০২৬
তিন দশকে শিক্ষায় বাংলাদেশের বড় অগ্রগতি
  • ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
  • ২৮ নভেম্বর ২০২৬