২২ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি, দেখুন তালিকা

২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ PM
 সরকারি লোগো

সরকারি লোগো © টিডিসি সম্পাদিত

দেশের ২২টি অনগ্রসর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনছে সরকার। আগে ১০টি উপজেলায় এ সুবিধা চালু থাকলেও নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। —খবর বাসসের 

নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে, যা প্রায় এক কোটি। এরমধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি পাবে। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও উপবৃত্তির সুবিধা পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে দেশের অনগ্রসর ১০টি উপজেলায় শতভাগ উপবৃত্তির কার্যক্রম চালু ছিল। নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত হওয়ায় মোট ২২টি উপজেলার আবেদনযোগ্য সব শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবেন।

উপজেলাগুলো হলো— নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

তবে উপবৃত্তির সুবিধা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকা, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পাওয়া, শিক্ষা বোর্ডের নিবন্ধন ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।

জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) -এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে। গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক। এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের সেই যে ধারাবাহিক অগ্রগতি সাধিত হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। এ কারণে নারী শিক্ষার প্রসারে তাঁর এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।  

‎ঢাবি ছাত্রী ও তার মাকে হেনস্তার প্রতিবাদে ২০টি বাস আটক
  • ২৮ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে নাহিদের অনুষ্ঠানে হামলার ঘটনায় দুই সপ্তাহ পর গ্…
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির কথা কিতাবে ছিল না, আমরাই করতে যাচ্ছি
  • ২৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
  • ২৮ নভেম্বর ২০২৬
২২ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি…
  • ২৮ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে পুড়ল দোকান ও গোডাউনে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬