ইউনেস্কোর প্রতিবেদন

তিন দশকে শিক্ষায় বাংলাদেশের বড় অগ্রগতি

২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

গত তিন দশকে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ধরে রাখা, ঝরে পড়ার হার কমানো, নারী-পুরুষের সমতা অর্জন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষাসমাপ্তির হার বাড়ানো এবং শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

সংস্থাটির প্রকাশিত ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। ‘অ্যাকসেস অ্যান্ড ইক্যুইটি: কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক এ প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনকে বিশেষ দেশভিত্তিক কেস স্টাডি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) শিক্ষা-সংক্রান্ত লক্ষ্য অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকার সম্প্রসারণে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ১৯৯০ সালে ছিল ৩৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে, যা বৈশ্বিক গড় ৮৮ শতাংশের চেয়েও বেশি। একই সময়ে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধির বার্ষিক গতি সময়ের সঙ্গে কিছুটা কমেছে। ১৯৯০-এর দশকে প্রতিবছর গড়ে ২.২ শতাংশ হারে এ হার বাড়লেও ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা ছিল ১.৫ শতাংশ। ২০১৫ সালের পর থেকে প্রতিবছর গড়ে ১.৩ শতাংশ হারে বেড়েছে।

অন্যদিকে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধির গতি ধারাবাহিকভাবে বেড়েছে। ১৯৯০-এর দশকে প্রতিবছর গড়ে ১.৩ শতাংশ হারে এ হার বাড়ে। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ১.৬ শতাংশে। ২০১৫ সালের পর থেকে প্রতিবছর গড়ে ১.৭ শতাংশ হারে বেড়েছে।

উচ্চমাধ্যমিক পর্যায়েও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান হয়েছে বলে উল্লেখ করেছে ইউনেস্কো। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধির গতি ছিল দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ। ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে তা বেড়ে দক্ষিণ এশিয়ার গড় গতির ৬০ শতাংশে পৌঁছায়। তবে ২০১৫ সালের পর থেকে এ পর্যায়ে বাংলাদেশের অগ্রগতির গতি দক্ষিণ এশিয়ার গড়কে ছাড়িয়ে গেছে।

তারপরও ২০২৪ সালে বাংলাদেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ছিল প্রায় ৩৮ শতাংশ। একই সময়ে দক্ষিণ এশিয়ার গড় হার ছিল ৫৭ শতাংশ। ফলে এ পর্যায়ে এখনো বড় ব্যবধান রয়েছে।

এদিকে বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীর সংখ্যা কমাতেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০০৫ সালে উচ্চমাধ্যমিক বয়সী তরুণদের ৭২ শতাংশই শিক্ষার বাইরে ছিল। সে সময় দক্ষিণ এশিয়ার গড় হার ছিল ৫৩ শতাংশ। ২০২৩ সালে বাংলাদেশে এ হার দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড়ের নিচে নেমে আসে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালের ৪২ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ২১ শতাংশে দাঁড়িয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষার ফলেও বড় পরিবর্তনের কথা উল্লেখ করেছে ইউনেস্কো। ব্যানবেইসের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ শতাংশ। পরবর্তী সময়ে তা বেড়ে ৯৩ শতাংশে পৌঁছায়। অন্যদিকে ২০২১ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ শতাংশ।

তবে পরীক্ষার পদ্ধতি সহজ করার কারণে পাসের হার বাড়লেও শিক্ষার্থীদের প্রকৃত শিখন-মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে পর্যবেক্ষণ করেছে ইউনেস্কো।

শিক্ষার বিভিন্ন স্তরে নারী-পুরুষের সমতা অর্জনেও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের বাইরে থাকা ছেলেদের হার ছিল ১৫ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে এ হার মাত্র ৪ শতাংশ। একইভাবে উচ্চমাধ্যমিক পর্যায়েও বিদ্যালয়ের বাইরে থাকা মেয়েদের হার ছেলেদের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ কম।

এ অগ্রগতির পেছনে ১৯৯৪ সালে চালু হওয়া ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফএসএসএপি), বিভিন্ন উপবৃত্তি কর্মসূচি এবং বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের মতো সরকারি উদ্যোগের ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় ২০০৫ ও ২০১৩ সালে চালু হওয়া ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন’ (রস্ক) প্রকল্পের আওতায় কমিউনিটিভিত্তিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে বিদ্যালয়ের বাইরে থাকা প্রায় পাঁচ লাখ শিশুকে আবার আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনা হয়। ইউনেস্কো জানিয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র উপজেলাগুলোতে রস্ক প্রকল্পের কেন্দ্রগুলোর উপস্থিতি মাদ্রাসা এবং ব্র্যাক পরিচালিত প্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থার স্কুলের তুলনায় বেশি ছিল।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণকেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে তুলে ধরেছে জিইএম রিপোর্ট ২০২৬। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৬০০। ২০২২ সালে তা প্রায় পাঁচ গুণ বেড়ে ৮ হাজারে পৌঁছেছে।

শিক্ষার এই সম্প্রসারণ দেশের আর্থসামাজিক বিভিন্ন সূচকেও ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মনে করে ইউনেস্কো। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার প্রসারের ফলে ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বাল্যবিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমেছে। একই সঙ্গে ১৯৭৫ সালে নারীপ্রতি সন্তান জন্মদানের গড় হার ৬.৭ শতাংশ থাকলেও ২০১৫ সালে তা কমে ২.২-এ দাঁড়ায়।

এ ছাড়া ১৯৯০ সাল থেকে প্রতিবছর গড়ে শূন্য দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট হারে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বেড়েছে। ২০২৩ সালে এ হার ৪৪ শতাংশে পৌঁছায়। যা ভারত ও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ভারতে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার প্রায় ৩০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিকাশ পরিবারগুলোকে মেয়েদের বাল্যবিয়ে পিছিয়ে দিতে এবং চাকরির যোগ্যতা অর্জনের জন্য তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। তবে ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের জন্য কারখানায় সহজলভ্য কর্মসংস্থানের সুযোগ থাকায় এ বয়সী শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেছে ইউনেস্কো।

আবারও ব্যর্থ সাব্বির, নতুন করে প্রশ্নের মুখে ভবিষ্যৎ
  • ২৮ নভেম্বর ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি …
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষাম…
  • ২৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকর…
  • ২৮ নভেম্বর ২০২৬
তিন দশকে শিক্ষায় বাংলাদেশের বড় অগ্রগতি
  • ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন
  • ২৮ নভেম্বর ২০২৬