যাত্রী সংকটে রাজধানীর পিংক বাস, তিন মাসে লোকসান ২৮ লাখ

২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ PM
পিংক বাস

পিংক বাস © সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন শহরে চালু করা হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১৪টি বিশেষায়িত পিঙ্ক বাস। তবে চালুর তিন মাসের মাথায় যাত্রীসংকটে সেবাটি লোকসানে পড়েছে। গত আড়াই মাসে বাসগুলো থেকে আয় বাদ দিয়ে সরকারের লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি।

কর্মদিবসে অফিস ছুটির সময় মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের একটি বাসে যাত্রীসংখ্যা ছিল মাত্র চার-পাঁচজন। সকালে নির্দিষ্ট কয়েকটি স্টপেজ থেকে যাত্রী নিয়ে বাসগুলো বিকেলে ফিরে আসে। দিনের বাকি সময় বাসগুলো ডিপোতে পড়ে থাকে।

বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, বেতন ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে ১৪টি বাসে গত আড়াই মাসে এ লোকসান হয়েছে। মাসে গড়ে লোকসানের পরিমাণ প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, দিনের অন্যান্য সময়ে নারী যাত্রী পাওয়া কঠিন। বাসগুলো থেকে দৈনিক আয় হচ্ছে ৫০ থেকে ৫১ হাজার টাকা, অথচ ব্যয় এক লাখ টাকার বেশি। ফলে অধিকাংশ বাসেই ভর্তুকি দিতে হচ্ছে। সার্কুলার পথে সারা দিন বাস চালানো গেলে যাত্রী ও আয় দুটিই বাড়বে বলে আশা করছেন তিনি।

বাস সার্ভিসটির প্রচারণার ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন বিআরটিসির চেয়ারম্যান। তিনি জানান, আগামী মার্চে বহরে যুক্ত হবে ৫০টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্য আরও ৫০টি বাস আসার কথা রয়েছে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো পৌঁছালে কয়েক দিন পরীক্ষামূলক চালানোর পর ১ মার্চ থেকে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

তবে যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু নারীদের জন্য বিশেষ বাস চালুর চেয়ে সামগ্রিক গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা বেশি জরুরি।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ বলেন, বাসগুলো সবার জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী করা গেলে সব যাত্রীই সুবিধা পাবেন। এতে পর্যাপ্ত যাত্রী পাওয়ার পাশাপাশি পরিবহন পরিচালনায় লাভের সুযোগও তৈরি হবে। শুধু নারীদের জন্য বাস চালু রাখলে দিনের নির্দিষ্ট সময়ে যাত্রী পাওয়া গেলেও অন্য সময় বাসগুলো ফাঁকা থাকতে পারে।

রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬
যাত্রী সংকটে রাজধানীর পিংক বাস, তিন মাসে লোকসান ২৮ লাখ
  • ২৭ নভেম্বর ২০২৬
৩১ দিন পর যে প্রক্রিয়ায় নেভানো হলো ইনানীর গ্যাসকূপের আগুন
  • ২৭ নভেম্বর ২০২৬
তিন বছর ধরে ভাঙা সেতু, লোহার কাঠামো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিতে আবেদন পড়ল ২ লাখ ৩৯ হাজার, সময় শেষ হচ্ছে কাল
  • ২৭ নভেম্বর ২০২৬