ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট

আজই নিশ্চিত হলাম, তিনি বেঁচে আছেন! হাসিনাকে ফেরার প্ল্যান ‘এ’-‘বি’ দিলেন জুলকারনাইন

২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে তিনি ‘প্ল্যান এ’ হিসেবে টানেল দিয়ে এবং ‘প্ল্যান বি’ হিসেবে বিমানে ফেরার বিষয়টি তুলে ধরেছেন। একই সঙ্গে হাসিনার ঘনিষ্ঠদের নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, তার ‘দরবার’ এখন টেলিগ্রামে, ‘রাজ্য’ হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ‘প্রজা’ বলতে অনলাইনে থাকা ব্যক্তিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন জুলকারনাইন সায়ের। 

পোস্টের শুরুতে শেখ হাসিনা বেঁচে আছেন কি না, তা নিয়ে নিজের সংশয়ের কথা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন জুলকারনাইন সায়ের। তিনি লেখেন, ‘ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?’

এরপর তিনি লেখেন, ‘আজ ঘুম থেকে উঠে নিশ্চিত হইলাম, তিনি বেঁচেই আছেন! কারণ এই দুনিয়ায় একমাত্র হাসিনার পক্ষেই সম্ভব, আগে বর্ডারে টিম পাঠাইয়া টানেল খুঁইড়ে দেশে ঢোকা যায় কি না সেই সম্ভাবনা যাচাই করা, আর তারপর আলাপ দেওয়া যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ারে চইড়া তিনি দেশে ফিরবেন। অর্থাৎ প্ল্যান 'এ' হইলো ওভার গ্রাউন্ড বা আন্ডার গ্রাউন্ড টানেল আর প্ল্যান 'বি' বিজনেস ক্লাস — মাঝামাঝি কিছু নাই!’

পোস্টে হাসিনার ঘনিষ্ঠদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, শেখ সেলিম, শেখ হেলাল-তন্ময়, নিক্সন-লিটন, শেখ মারুফ, তাপস ও পরশকে কেন্দ্র করে একটি বলয় রয়েছে। এদের সহযোগী হিসেবে নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট ও জাহাঙ্গীরের নাম উল্লেখ করেন তিনি।

জুলকারনাইন সায়েরের দাবি, এসব ব্যক্তি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একের পর এক গ্রুপ খুলে হাসিনাকে যুক্ত করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ফোনালাপে তাকে এমন সব তথ্য দেওয়া হচ্ছে, যাতে তিনি মনে করেন এখনো তার ক্ষমতা ও প্রভাব রয়েছে। কেউ তাকে গান শোনাচ্ছেন, কেউ কবিতা শোনাচ্ছেন। আবার কেউ ঢাকার রাস্তায় ৫০ লাখ কর্মী প্রস্তুত থাকার, চট্টগ্রাম দখলে নেওয়ার কিংবা মাত্র ১০ মিনিটে বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলছেন।

এসব দাবির বাস্তবতা নিয়ে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘ওই ৫০ লাখের মধ‍্যে যে ৪৯ লাখ ৯৫০ এর কোনো অস্তিত্ব নাই, আর চট্টগ্রাম যে দখল হইছে শুধু গ্রুপ চ্যাটের ভিতরে, সেই খবর তারে কেউ দেয় না। হাসিনাও এসব শোনে আর স্বপ্ন বোনে। তার দরবার হইলো এখন টেলিগ্রামে, রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর প্রজা বলতে যারা ওই মুহূর্তে 'অনলাইন' থাকে।’

১৬ ডিসেম্বর বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি নিয়ে মন্তব্য করেন জুলকারনাইন সায়ের। তিনি লেখেন, ‘তবে ১৬ ডিসেম্বর বিমানে ফিরতে চাইয়া কাজটা সে একদিক দিয়া ভালোই করছে। কোন দিক দিয়া, সেইটা ১৭ ডিসেম্বর লিখবো।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার মুখপাত্রের বরাতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

দুবাইয়ে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১
  • ২৪ নভেম্বর ২০২৬
ইবিতে শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে হল নির্মানের দাবি শিক্ষার…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই ম…
  • ২৪ নভেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • ২৪ নভেম্বর ২০২৬
আজই নিশ্চিত হলাম, তিনি বেঁচে আছেন! হাসিনাকে ফেরার প্ল্যান ‘…
  • ২৪ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
  • ২৪ নভেম্বর ২০২৬