প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের কাছে ব্রিফিং করছেন © সংগৃহীত
শেখ হাসিনার বাংলাদেশ বিমানে আসতে চাওয়ার খবর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘ভারতের কেউ কেউ এখনও বলেন যে, উনি নাকি এখনো প্রধানমন্ত্রী। আমরা যেভাবে চাই, তাকে সেভাবেই আসতে হবে। বাংলাদেশ বিমানে না অন্য কিছুতে আসবে, তাকে প্রত্যার্পণ করতে হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ মৃত্যুদণ্ড পেয়েছেন।’
তিনি বলেন, ‘ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। তিনি যেখানে পালিয়ে আছেন। সেই রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানিয়েছি তাকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর করলে বাংলাদেশ বিমানে আনব না তিনি তাদের বিমানে আসবেন, সেটা পরবর্তীতে নির্ধারিত হবে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান। বিদেশি গণমাধ্যমের খবরের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে তিনি আসার ব্যবস্থা করতে বলেছেন। যেহেতু তিনি ফিরতে চাচ্ছেন, বাংলাদেশ সরকারও আনতে চাচ্ছে, তাহলে ১৬ ডিসেম্বরই কেন?’
১৬ ডিসেম্বর রাষ্ট্রের একটি বড় উৎসবের দিনটাই কেন বেছে নিচ্ছেন, এমন প্রশ্ন করে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের চারজন নেতা সীমান্ত পরিদর্শন করে গেছেন, তাদের বিরুদ্ধে মামলা আছে। সেখানে একটা সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ তাদের অবস্থান ভারতের কাছে জানিয়েছেন।’
আরও খবর: এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের
হাসিনা বাংলাদেশে আসবেন কিনা এই আলোচনা তার সাথে না, ভারতের সঙ্গে আলোচনা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ ওখানে আছেন। শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। বাংলাদেশ বিমানে আসবেন না, হেঁটে বাংলাদেশে আসবেন। কীভাবে হস্তান্তর হবে? এই আলোচনা ভারতের সাথে নির্ধারিত হবে।’
‘তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে, তিনি আসলে অনেক কিছু। তার সিদ্ধান্ত অনেক কিছু হচ্ছে। দলের লোকজনকে তিনি এভাবেই দেখাতে চাইছেন।’ এ সময় ভারতের মিডিয়াকেও এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানান তিনি।