দেশ ছেড়ে পালিয়েও ক্ষমতার মোহে নাশকতা চালাচ্ছে হাসিনা: রিজভী

২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ PM
রুহুল কবির রিজভী আহমেদ

রুহুল কবির রিজভী আহমেদ © টিডিসি সম্পাদিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ক্ষমতার মোহে এখনো বাংলাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন শেখ হাসিনা। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা বন্ধ করেননি।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু দেশ ছাড়লেও তাঁর হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই হাঁটছেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এসব তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এ ঘটনা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে সংসদীয় কমিটির রেজ্যুলেশনে …
  • ২৩ নভেম্বর ২০২৬
পরীক্ষকদের খাতা মূল্যায়নে দুর্বলতা চিহ্নিত করে শিক্ষামন্ত্র…
  • ২৩ নভেম্বর ২০২৬
লিজের জমিতে পাকিস্তানি বাসমতি ধান চাষ, লাভের আশায় সুজল
  • ২৩ নভেম্বর ২০২৬
দেশ ছেড়ে পালিয়েও ক্ষমতার মোহে নাশকতা চালাচ্ছে হাসিনা: রিজভী
  • ২৩ নভেম্বর ২০২৬
৭ দাবিতে ইউজিসিকে ইইউবি শিক্ষার্থীদের স্মারকলিপি, না মানলে …
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনঃপ্রকাশ, কোন বোর্ডে জিপিএ-৫ …
  • ২৩ নভেম্বর ২০২৬