আত্মহত্যা করে কাকে দুষলেন ঢাবি ছাত্র এসআই সজিব— কপাল, সঙ্গী, নাকি অদৃশ্যকে?

২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ PM
এসআই ৩৮তম ব্যাচের কর্মকর্তা মো. ফজলে হাসান সজিব

এসআই ৩৮তম ব্যাচের কর্মকর্তা মো. ফজলে হাসান সজিব © টিডিসি সম্পাদিত

পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ৩৮তম ব্যাচের কর্মকর্তা মো. ফজলে হাসান সজিব। বুধবার (২৫ নভেম্বর) পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার বন্ধু-সহকর্মীদের অনেকে। যদিও তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস।

ফজলে হাসান সজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। গ্রামের বাড়ি হবিগঞ্জ। বন্ধুদের ভাষ্য অনার্স শেষ করার পরপরই চাকরি পেয়েছিলেন সজিব। পড়াশোনায়ও নিয়মিত ছিলেন তিনি। ব্যক্তিজীবনে খুবই নম্র,ভদ্র স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। 

সজিবের সহকর্মী ও পুলিশ সদস্য এস আই আরিফ নামে একজন লিখেছেন, ৩৮তম এসআই ব্যাচ-শোকাহত। প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে লড়ছি— কারো লড়াই চোখে পড়ে,কারোটা থেকে যায় আড়ালে।জীবন যতই কঠিন হোক, হাল ছেড়ে দেওয়া বা নিজেকে শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না।

প্রিয় ব্যাচমেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজ, তার নিজ বাসায় আত্মহত্যা করে না ফেরার দেশে চলে গেলো। তার এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য রেখে গেল হাজারো প্রশ্ন, আর গভীর এক শূন্যতা।

সজিবের আরেক বন্ধু ফেসবুকে লিখেছেন, অন্য যে কোন সাধারণ মানুষের চেয়ে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ধৈর্য তুলনামূলক বেশি হ‌ওয়াটাই স্বাভাবিক। তারপরও তিনি পারলেন না নিজেকে নিয়ন্ত্রিত করতে। কাকে দোষ দিবেন? তার কপাল, সঙ্গী, নাকি অদৃশ্যকে?

জুবায়ের নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিখেছেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমাদের বন্ধু সজীব। অনার্স শেষ করে আমরা যখন মাস্টার্সের ক্লাস শুরু করি, ঠিক সেই সময়েই সে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করার সুযোগ অর্জন করে। ক্যাম্পাসজীবনের ইতি টানার পর তার সঙ্গে তেমন যোগাযোগ হয়ে ওঠেনি। তবে প্রায়ই ফেসবুকে তার কিছু বিষণ্নতামাখা পোস্ট চোখে পড়ত।

আজ তার চলে যাওয়ার খবরটি ভীষণভাবে নাড়া দিল। পারিবারিক অশান্তির শোনা গেলেও সুসাইডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নই। তবে একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করার মতো—জীবনের প্রতিটি সংকটের ঊর্ধ্বে আমাদের বেঁচে থাকার মূল্য অনেক বেশি।

আত্মহত্যা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। পরিবার, সমাজ, সম্পর্ক কিংবা পারিপার্শ্বিকতার নানা টানাপোড়েনে মানুষের জীবন কখনো কখনো অসহনীয় মনে হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, কোনো সম্পর্কের ভাঙন, পারিবারিক অশান্তি কিংবা জীবনের কোনো ব্যর্থতাই একটি মানুষের জীবনের চেয়ে বড় নয়।

তিনি লিখেন, জীবন ক্ষণস্থায়ী, অথচ এর প্রতিটি মুহূর্তই অমূল্য। আজ যে পরিস্থিতিকে অসহনীয় মনে হচ্ছে, সময়ের পরিবর্তনে সেই পরিস্থিতিও বদলে যেতে পারে। প্রয়োজন শুধু একটু ধৈর্য, সহমর্মিতা, কাউকে মনের কথাগুলো বলার সুযোগ এবং প্রয়োজনে যথাযথ সহায়তা গ্রহণ।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাঁদের হাসির আড়ালে জমে থাকে অজস্র না-বলা কষ্ট। তাই কারও বিষণ্নতাকে অবহেলা নয়, তাঁর নীরবতাকে নিছক অভিমান ভেবে এড়িয়ে যাওয়া নয়। বরং একটু খোঁজ নেওয়া, মন দিয়ে কথা শোনা এবং পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
মনে রাখবেন, জীবন কোনো নির্দিষ্ট সম্পর্কের কাছে, কোনো পারিবারিক পরিস্থিতির কাছে কিংবা কোনো ব্যর্থতার কাছে পরাজিত হওয়ার জন্য নয়।
সজীবের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে একটি বেদনাদায়ক স্মৃতি।

ডিসেম্বরে দেশে আসবে না শেখ হাসিনা
  • ২৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ কামব্যাক করলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি
  • ২৬ নভেম্বর ২০২৬
আত্মহত্যা করে কাকে দুষলেন ঢাবি ছাত্র এসআই সজিব— কপাল, সঙ্গী…
  • ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম…
  • ২৬ নভেম্বর ২০২৬
১৫ বছর ধরে কর্মস্থলে নেই চিকিৎসক!
  • ২৬ নভেম্বর ২০২৬