জেরাল্ড কোয়েৎজে ও কোয়েনা মাফাকা © সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের দল থেকেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েৎজে। অন্যদিকে, ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তরুণ পেসার কোয়েনা মাফাকাও।
পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চারদিনের সিরিজের ডিভিশন ওয়ানের ম্যাচে খেলতে গিয়ে চোটে পড়েন কোয়েৎজে। ম্যাচটিতে ব্যাট হাতে ৪৭ বলে ৫৭ রান করার পাশাপাশি ১৫ ওভার বোলিং করে শিকার করেন দুটি উইকেট। তবে ফলো-অনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে দেখা যায়নি তাকে।
এদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার প্রস্তুতির মধ্যেই অনুশীলনে নতুন করে সমস্যায় পড়েছেন মাফাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামী ১ ডিসেম্বর থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা 'এ' দল থেকেও বাদ পড়েছেন এই পেসার।
দুই পেসারের ছিটকে যাওয়ায় স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে সিএসএ। বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। ২৬টি লিস্ট 'এ' ম্যাচে বল হাতে তার গড় ২৫ দশমিক ৫৭।
অন্যদিকে, টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যাটার জে জে ব্যাসন। পাশাপাশি এই সংস্করণের দলে জায়গা পেয়েছেন ইথান বোসও।