বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত
আগামী বছরের জুনে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এই প্রস্তাব উত্থাপন করে বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রস্তাবে দুই দেশের ক্রিকেট বোর্ডই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে প্রস্তাবিত সিরিজের সময়সূচি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।
শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, নাকভির বক্তব্যে সময়ের বিষয়টি সঠিকভাবে উঠে আসেনি। মূলত ২০২৭ সালের এশিয়া কাপের আগে সিরিজটি আয়োজনের পরিকল্পনা থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, এশিয়া কাপের আগে বাংলাদেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের কাছ থেকেই বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তবে এখনই সিরিজ আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না বিসিবি। কারণ, প্রস্তাবটি নিয়ে দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
ওই কর্মকর্তা আরও জানান, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের পরবর্তী আসর। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তাবিত ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা সম্ভব হলে তা বাংলাদেশের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি স্বাগতিকরা।