পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ PM
পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে

পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে © টিডিসি সম্পাদিত

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর থেকে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

সাংবাদিক মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।

​অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এদিকে সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

​এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কাজ করছে।’

সেন্টমার্টিনে আটকে থাকা গোবিপ্রবির ৩৮ শিক্ষক-শিক্ষার্থী আজও…
  • ২১ নভেম্বর ২০২৬
বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন হবে সিরাজগঞ্জে
  • ২১ নভেম্বর ২০২৬
পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল…
  • ২১ নভেম্বর ২০২৬
ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বিসিবির, আলোচনায় যারা
  • ২১ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক
  • ২১ নভেম্বর ২০২৬