গ্রেপ্তার সেন্টু ভূঁইয়া © সংগৃহীত
বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি সেন্টু ভূঁইয়াকে (৫৫) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে বরিশালের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার সেন্টু ভূঁইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূঁইয়ার ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেন্টু ভূঁইয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে বরিশাল এসআরবি-৮-এর একটি দল রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নেন সেন্টু ভূঁইয়া। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ নভেম্বর রাতে সেন্টু ভূঁইয়াকে আসামি করে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পলাতক অবস্থায় রাজধানী থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।