নুরুল হক নুর © সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘কামব্যাক’ করলে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সবচেয়ে বেশি বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘বিএনপি তো আওয়ামী লীগের এই ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের মধ্যেও রাজপথে ছিল, ফাইট করেছে। বিএনপির নেতা দেশের বাইরে নির্বাসিত। অনেক নেতা জেলে নিয়ে গেছে। তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছেন, আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কিন্তু তারপরও বিএনপির মতো পার্টিকে তো আওয়ামী লীগ, ভারত মিলে নিশ্চিহ্ন করে দিতে পারে নাই।’
তিনি বলেন, ‘তো আজকে এই আওয়ামী লীগ যদি কামব্যাক করে, সবচেয়ে বিপদ আসবে কার ঘাড়ে? এনসিপি, জামায়াতের ঘাড়ে, যে ইন্টেরিম গভর্নমেন্টের সময় হালুয়া-রুটি খেয়েছ, তাই না? আর জামায়াত তো আওয়ামী লীগের আমলে হিডেন ছিল, নিষিদ্ধ ছিল।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ‘সাড়া না দেওয়ায়’ বিরোধীদলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে তারা যদি—যখন প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে আহ্বান করেছেন যে, যেমনিভাবে জুলাইয়ের ছাত্র-জনতা-নাগরিকরা মিলে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি, একইভাবে আমাদেরকে পরাজিত করতে হবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। দেশ যদি স্থিতিশীল থাকে, দেশে যদি একটা স্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার থাকে, তাহলে আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিরোধী দলও ক্ষমতায় আসতে পারে, একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক ধারায়।’