সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

২৬ নভেম্বর ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ PM
থালা ও কলস হাতে নারীদের বিক্ষোভ

থালা ও কলস হাতে নারীদের বিক্ষোভ © টিডিসি

ঘরে খাবার নেই, চুলায় জ্বলছে না আগুন। সংসারের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সন্তানদের লেখাপড়াও। এর মধ্যে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে এমন দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন উপকূলের বনজীবী পরিবারগুলো। এ পরিস্থিতির অবসান ও সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে এবার খালি থালা ও কলস হাতে রাজপথে নেমেছেন শত শত নারী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরাক্লাব মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বনজীবী পরিবারের নারী, গৃহবধূ, কিশোরী ও তরুণীরা অংশ নেন। তাদের হাতে থাকা খালি থালা ও কলস যেন উপকূলের অভাব, অনাহার ও পানির সংকটেরই প্রতীক হয়ে ওঠে।

কর্মসূচিতে অংশ নিয়ে ময়না খাতুন বলেন, সুন্দরবনে বনদস্যুদের ভয়ে পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে তার ঘরে রান্না হয়নি। লায়লা খাতুন বলেন, দস্যুদের আতঙ্কে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে পারছেন না। আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না।

বিলকিস বেগম বলেন, সংসারে অভাব এতটাই বেড়েছে যে স্বাভাবিকভাবে দিন কাটানো কঠিন হয়ে পড়েছে। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও প্রকট আকার ধারণ করেছে। শেফালী বিবি বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

রহিমা খাতুন বলেন, বন থেকে আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার চরম অর্থকষ্টে পড়েছে। খাবার জোগাড়ের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করাও কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে শাহিদা খাতুন ও হালিমা খাতুন বলেন, সংসারের অভাব-অনটনের কারণে সন্তানদের লেখাপড়াও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা।

প্রতিবাদে অংশ নেওয়া নারীরা বলেন, সুন্দরবন শুধু জীবিকার উৎস নয়, উপকূলের অসংখ্য পরিবারের বেঁচে থাকার অবলম্বন। বনদস্যুদের কারণে বনজীবীরা নিরাপদে বনে যেতে না পারলে তাঁদের পরিবারগুলো খাদ্য, পানীয় জল ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত বনদস্যুদের নির্মূল করে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।

এ সময় নেতারা বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে দ্রুত কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উপকূলের সাধারণ মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অত…
  • ২৬ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে প্রবেশে বাধা, বাইরে থেকেই প্রশাসনিক জট খুলছেন চু…
  • ২৬ নভেম্বর ২০২৬
মুনতাসীর-শাহরিয়ারের রিট, নাম না বদলানোয় বন্ধ করে দেওয়া হয়েছ…
  • ২৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিকাশ-নগদ সেবা বন্ধ, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়ে…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে থালা-কলস নিয়ে নারীদের বিক্ষ…
  • ২৬ নভেম্বর ২০২৬