বিএনপির লোগো ও বহিষ্কৃত মিজানুর রহমান © টিডিসি সম্পাদিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃত নেতার নাম মিজানুর রহমান (মিজান)। তিনি বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। এর ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতা-কর্মী বহিষ্কৃত এই নেতার সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম ওরফে শাহীন হত্যা মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পরপরই তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশহর বাজারের দশতলা ভবন এলাকায় বিএনপি নেতা মাহবুব আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন মাহবুবের স্ত্রী। মামলায় বগুড়া পৌরসভার তৎকালীন প্যানেল মেয়র ও সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়।
ওই বছরের ২৩ এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের অভিযোগে মিজানুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম (বাদশা)।
তিনি বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দি আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শাতে বলা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট অভিযোগে বুধবার কেন্দ্রীয় বিএনপি তাকে সব পদ থেকে বহিষ্কার করেছে।