তাওছিব হোসাইন © টিডিসি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন তাওছিব হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ২১৬তম স্থান অর্জন করে তিনি এ বিভাগে ভর্তির সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতেও ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। নিজের ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতা, ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়ানোর কৌশল, লিখিত পরীক্ষার প্রস্তুতি এবং শেষ সময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয় নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে।
প্রথমেই আপনার ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা এবং সাফল্যের গল্প জানতে চাই।
আমি তাওছিব হোসাইন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২১৬তম হয়ে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছিলাম।
ভর্তি পরীক্ষার দিন আমি একটি পরীক্ষাকেন্দ্রে বসে পরীক্ষা দিয়েছিলাম। এখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তারাও এ ধরনের পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষা দেবে। তাই পরীক্ষাকেন্দ্রের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
ভর্তি পরীক্ষার শেষ সময়ে অনেক শিক্ষার্থী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাদের জন্য আপনার পরামর্শ কী?
ভর্তি পরীক্ষার একদম শেষ সময়ে এসে অনেকেই হতাশ হয়ে পড়ে। নিজের ওপর আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু আমার মনে হয়, ভর্তি পরীক্ষায় তারাই ভালো করার সুযোগ পায়, যারা শেষ পর্যন্ত নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পারে এবং পড়াশোনা চালিয়ে যায়।
শেষ সময়ে এসে হতাশ না হয়ে নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখতে হবে। অন্যদের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতি তুলনা করে মনোবল হারানো যাবে না। বরং যতটুকু প্রস্তুতি আছে, সেটিকে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার ভর্তি প্রস্তুতির যাত্রা কখন থেকে শুরু হয়েছিল?
আমার ভর্তি প্রস্তুতির যাত্রা মূলত ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষ থেকেই শুরু হয়েছিল। তখন থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। এ কারণে পড়াশোনার পাশাপাশি যেসব জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতাম, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতাম।
ভর্তি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী কিংবা আমার কলেজের যেসব সিনিয়র ভালো করেছিলেন, তাদের কাছ থেকেও পরামর্শ নিতাম। তবে একটা বিষয় ছিল, তারা অনেকেই ছিলেন পড়াশোনায় খুব ভালো। তাদের ভর্তি প্রস্তুতির গল্প শুনে অনুপ্রাণিত হতাম ঠিকই, কিন্তু নিজের সঙ্গে তাদের অভিজ্ঞতা খুব বেশি মেলাতে পারতাম না। কারণ কলেজজীবনে আমি খুব ভালো শিক্ষার্থী বা টপার ছিলাম না।
এ কারণে যারা কলেজজীবনে খুব ভালো ফল না করেও ভর্তি পরীক্ষায় ভালো করেছেন, তাদের অভিজ্ঞতা ও প্রস্তুতির কৌশল আমার কাছে বেশি প্রাসঙ্গিক মনে হতো। তাদের গল্প শুনে নিজের সঙ্গে মিল খুঁজে পেতাম এবং আত্মবিশ্বাস পেতাম।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি কে

মন ছিল?
কলেজের প্রথম বর্ষে আমার লিখিত দক্ষতা খুব একটা ভালো ছিল না। লেখার সময় অনেক ছোটখাটো ভুল হতো। একজন কলেজশিক্ষার্থী হিসেবে এ ধরনের সাধারণ ভুল মেনে নিতে আমার খারাপ লাগত।
এ সমস্যা কাটিয়ে উঠতে আমি বন্ধুদের সহযোগিতা নিতাম। আমার বন্ধুমহলে যারা লেখালেখিতে ভালো ছিল, তাদের কাছে নিজের লেখা দেখাতাম। তারা আমার ভুলগুলো চিহ্নিত করে দিত। সেগুলো থেকে শেখার চেষ্টা করতাম। এভাবে ধীরে ধীরে নিজের লেখার মান উন্নত করার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতিও এগিয়ে নিয়েছি।
ভর্তি প্রস্তুতিকে আপনি কীভাবে সাজিয়েছিলেন?
আমার কাছে ভর্তি প্রস্তুতি শুধু বই নিয়ে বসে থাকার বিষয় ছিল না; বরং এটিকে একটি জীবনযাপনের অংশ হিসেবে নিয়েছিলাম। আমার ফেসবুক ও ইউটিউবের অ্যালগরিদমও এমনভাবে তৈরি হয়ে গিয়েছিল যে সেখানে বেশির ভাগ সময় ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট বিষয়বস্তু সামনে আসত।
ফেসবুকে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান, বাংলা ও ইংরেজিবিষয়ক বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলাম। সেখান থেকে নিয়মিত এমসিকিউ অনুশীলন করতাম। ইউটিউবে ভূরাজনীতি বা জিওপলিটিক্যাল বিষয়বস্তুর ভিডিও দেখার চেষ্টা করতাম। কারণ এসব বিষয় ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রস্তুতিতে কাজে আসতে পারে।
এর পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলেছিলাম। এতে সাধারণ জ্ঞানের পরিধি বাড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পারতাম। পত্রিকার নিবন্ধগুলো মনোযোগ দিয়ে পড়তাম। এতে বাংলা লেখার ধরন ও শব্দভান্ডার সমৃদ্ধ হতো। নতুন শব্দ শেখার পাশাপাশি কোনো বিষয় কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, সেটিও বোঝার চেষ্টা করতাম। মূলত ভর্তি পরীক্ষায় কাজে লাগতে পারে, এমন প্রতিটি ক্ষেত্র থেকেই শেখার চেষ্টা করেছি।
এইচএসসি পরীক্ষার আগে কি কখনো ভর্তি প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল?
হ্যাঁ, এমন একটি সময় এসেছিল। এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আগে আমার মনে হয়েছিল, ঢাকা শহরের বড় বড় কলেজের এত শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করে আমি কীভাবে সুযোগ পাব?
এমন চিন্তা থেকে একপর্যায়ে এইচএসসি পরীক্ষা না দিয়ে এক বছর বিরতি নেওয়ার কথাও ভেবেছিলাম। সিদ্ধান্তটি নিয়ে আমার একজন ঘনিষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলি। বড় ভাইয়ের সঙ্গেও বিষয়টি শেয়ার করি। আমার স্বপ্ন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তাই নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম।
তবে আমার শিক্ষক, সিনিয়র এবং বিদেশে থাকা বড় ভাই আমাকে এক বছর বিরতি না নেওয়ার পরামর্শ দেন। তারা বলেন, যতটুকু প্রস্তুতি হয়েছে, সেটুকু নিয়েই এগিয়ে যেতে। তাদের পরামর্শে আমি সেই সিদ্ধান্ত থেকে সরে আসি এবং স্বাভাবিকভাবে প্রস্তুতি চালিয়ে যাই।
ভর্তি পরীক্ষায় এমসিকিউয়ের তুলনায় লিখিত অংশে অনেক শিক্ষার্থী পিছিয়ে থাকে। লিখিত পরীক্ষায় ভালো করার উপায় কী?
আমার নিজেরও একসময় লিখিত পরীক্ষা নিয়ে ভয় ছিল। তবে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে সেটি কাটিয়ে উঠেছি। ইংরেজি লিখিত অংশের প্রস্তুতির জন্য আমি ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের অনুশীলনীগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতাম। আমার মনে হয়, এ বইয়ের অনুশীলনগুলো ভালোভাবে করলে লিখিত দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
ভর্তি পরীক্ষার লিখিত অংশে খুব অসাধারণ কিছু লেখার প্রয়োজন হয় না। প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট উত্তর দিতে হবে। একই সঙ্গে লেখায় যেন ব্যাকরণগত ভুল ও বানান ভুল না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা কঠিন শব্দ ব্যবহার কিংবা জটিল বাক্য লেখার দিকে বেশি মনোযোগ দেয়। কিন্তু আমার মতে, সহজ ও নির্ভুলভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে লেখার মান উন্নত হয়।
ভর্তি পরীক্ষার একেবারে শেষ সময়ে লিখিত অংশের অনুশীলন চালিয়ে যাওয়া কতটা জরুরি?
শেষ সময়ে অনেক শিক্ষার্থী মনে করে, এখন আর লিখিত অংশের অনুশীলন করে লাভ নেই। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, শেষ সময়ে অনুশীলন বন্ধ করে দেওয়ার কারণেই অনেকে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়ে।
এ কারণে শেষ সময়েও লিখিত অংশের চর্চা চালিয়ে যেতে হবে। নিয়মিত লেখার অভ্যাস থাকলে পরীক্ষার হলে প্রশ্ন বুঝে উত্তর সাজানো এবং নির্ভুলভাবে লেখার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। যারা ভর্তি পরীক্ষায় ভালো করতে চায়, তাদের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: ‘দোয়ার মাধ্যমে ভাগ্যও পাল্টায়’— শেষ সময়ের যে টেকনিকে ছোঁয়া যায় ঢাবির স্বপ্ন
সবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে কী বলবেন?
ভর্তি পরীক্ষার প্রস্তুতির পুরো সময়টাতে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। অন্যের প্রস্তুতি দেখে হতাশ হওয়া যাবে না। প্রত্যেকের শেখার ধরন ও প্রস্তুতির সক্ষমতা আলাদা। তাই নিজের অবস্থান বুঝে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করতে হবে।
বিশেষ করে শেষ সময়ে এসে আত্মবিশ্বাস হারানো যাবে না। এমসিকিউয়ের পাশাপাশি লিখিত অংশের অনুশীলন চালিয়ে যেতে হবে। পত্রিকা পড়া, সাধারণ জ্ঞান চর্চা এবং বিভিন্ন উৎস থেকে শেখার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনই ভর্তি পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।