ভর্তি প্রস্তুতি

‘দোয়ার মাধ্যমে ভাগ্যও পাল্টায়’— শেষ সময়ের যে টেকনিকে ছোঁয়া যায় ঢাবির স্বপ্ন

২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ PM
হুমায়ুন

হুমায়ুন © টিসিডি ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে শেষ সময়ে নতুন নতুন বিষয় পড়ার চেয়ে আগে পড়া বিষয়গুলো বারবার ঝালিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হুমায়ুন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নামাজ, দোয়া ও আল্লাহর ওপর ভরসা সাফল্যের পথে মানসিক শক্তি জোগায় বলে বিশ্বাস এই শিক্ষার্থীর। ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে প্রতিদিন ১৪ ঘণ্টা পড়ার লক্ষ্য নির্ধারণ করলেও সর্বোচ্চ পড়েছেন ৯ ঘণ্টা ২০ মিনিট। নিজের প্রস্তুতির অভিজ্ঞতা থেকে তার পরামর্শ, দীর্ঘ সময় পড়ার চেয়ে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ধারাবাহিকভাবে পড়াশোনা এবং পরীক্ষার হলে শান্ত থেকে পরীক্ষাটা শেষ করাটা অধিক গুরুত্বপূর্ণ। তার প্রস্তুতির গল্প তুলে ধরে তিনি বলেন, যেসব বিষয় থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলো শেষ করা এবং বেশি বেশি রিভিশন দেওয়ায় ভালো করার মূল কৌশল।

প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?
এইচএসসি পরীক্ষার পর থেকেই পুরো উদ্যমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। নিজের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাব। প্রতিদিন পড়তে বসার আগে কত ঘণ্টা পড়ব, তা লিখে রাখতাম। লক্ষ্য ছিল ১৪ ঘণ্টা পড়ার। যদিও সর্বোচ্চ পড়তে পেরেছি ৮ থেকে ৯ ঘন্টার মতো। প্রতিদিন চেষ্টা করতাম আগের দিনের চেয়ে অন্তত ১০ মিনিট বেশি পড়তে।

প্রস্তুতির সময় হতাশা বা মানসিক চাপ কীভাবে সামলেছেন?
মূলত নামাজের মাধ্যমে মানসিক চাপ সামলানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, দোয়ার মাধ্যমে ভাগ্যও পরিবর্তন হতে পারে। তাই সব সময় আল্লাহর ওপর ভরসা রেখেছি। ফজরের আজানের আগে এক ঘণ্টা পড়ার অভ্যাস গড়ে তুলেছিলাম। শুরুতে ১০ মিনিট, পরে ৩০ মিনিট এভাবে ধীরে ধীরে সময় বাড়িয়েছি। ফজরের নামাজের পর সকালে সাগরপাড়ে ব্যায়াম করতে যেতাম। এতে মন সতেজ হতো। এরপর নাশতা করে আবার পড়তে বসতাম।

আপনার প্রস্তুতিতে পরিবার কতটা সহযোগিতা করেছে?
শুরু থেকে শেষ পর্যন্ত মা-বাবা আমার পাশে ছিলেন। তারা কখনো আমাকে পড়াশোনা নিয়ে কোনো চাপ দেননি। নিজের মতো করে নির্বিঘ্নে পড়াশোনা করার পরিবেশ পেয়েছি। আমার মা-বাবা অনেক বেশি সহযোগিতাপরায়ণ ছিলেন। তারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। আমার পড়াশোনার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

শেষ সময়ে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত?
শেষ সময়ে সম্পূর্ণ নতুন কিছু পড়ার চেয়ে আগে যেসব বিষয় পড়া হয়েছে, সেগুলো বারবার ঝালিয়ে নেওয়া উচিত। তা না হলে জানা বিষয়ও পরীক্ষার সময় ভুল হয়ে যেতে পারে। ভয় পাওয়ারও কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে যেসব বিষয় থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলো শেষ করেছি এবং সেগুলোই বেশি বেশি রিভিশন দিয়েছি। শেষ সময়ে নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখা জরুরি।

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী দুশ্চিন্তায় পড়েন, এ পরিস্থিতি সামলানোর উপায় কী?
দুশ্চিন্তা না করে প্রথমে যেসব প্রশ্নের উত্তর জানা আছে, সেগুলোর উত্তর দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হয়। তাই ইংরেজিতে অন্তত পাঁচ-ছয়টি প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিত করার চেষ্টা করতে হবে। আমি ছয়টি প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং ছয়টিই সঠিক হয়েছিল।

এ ক্ষেত্রে বেশি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঋণাত্মক নম্বরের ঝুঁকি নেওয়া ঠিক নয়। লিখিত পরীক্ষার ক্ষেত্রেও যেসব প্রশ্নের উত্তর জানা আছে, সেগুলো সুন্দরভাবে লিখতে হবে। যেসব প্রশ্নের উত্তর জানা নেই, সেগুলোর পেছনে সময় নষ্ট করা বোকামি।

পরীক্ষায় ভালো করতে কত সময় পড়তে হয়?
আমার কাছে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পড়তেই হবে, এমন ধারণা সঠিক নয়। নামাজ, গোসল, খাওয়া, সামান্য ব্যায়াম এবং বন্ধুদের সঙ্গে কথা বলার মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। এগুলো মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এবং পড়াশোনায় মনোযোগ বাড়ায়। আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় সর্বোচ্চ ৯ ঘণ্টা ২০ মিনিট পড়েছি। এ ছাড়া এইচএসসিতে আমার ফলাফল ও আগের পড়াশোনার বেসিক ভালো থাকায় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক উপকার পেয়েছি।

ভর্তির অল্প সময় বাকি, শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নিবে?
এ সময়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পড়া বাকি থাকলে সময় নষ্ট না করে সেটি শেষ করতে হবে। এরপর পুরোদমে রিভিশন শুরু করা উচিত। আমি নিজের প্রস্তুতি নিজেই যাচাই করতাম। নিজেই পরীক্ষায় বসতাম এবং দেখতাম কতটুকু প্রস্তুতি হয়েছে। এভাবে নিয়মিত নিজের অবস্থান যাচাই করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কি আগে থেকেই ছিল?
হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আগে থেকেই ছিল। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময় সেখানকার শিক্ষার্থীদের সাফল্য আমাকে অনুপ্রাণিত করেছে। এটি চট্টগ্রামের একটি স্বনামধন্য কলেজ। প্রতিবছরের মতো এবারও এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের সাফল্য আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণে অনুপ্রেরণা জুগিয়েছে।

পরীক্ষার হলে কী ধরনের কৌশল অবলম্বন করেছিলেন?
এমসিকিউ অংশে যেসব প্রশ্নের উত্তর দিইনি, লিখিত অংশেও সেগুলো লেখার চেষ্টা করিনি। কারণ এমসিকিউতে নেড়েটিভ নম্বরের বিষয়টি মাথায় রাখতে হয়েছে। তাই শুধু যেসব প্রশ্নের উত্তর জানা ছিল, সেগুলোর উত্তর দিয়েছি। ৬০ নম্বরের এমসিকিউ অংশে ৪০টির বেশি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। লিখিত অংশে ৩০ নম্বরের উত্তর করেছি। পুরো পরীক্ষায় সময়ের দিকে খেয়াল রেখেছি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর শেষ করতে পারি।

কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?
কেউ যদি নিজে নিজের প্রস্তুতি পরিচালনা করতে না পারেন, তাহলে কোচিং করতে পারেন। তবে কোচিং করলেও মূলত নিজেরই পড়াশোনা করতে হয়। আমি কোচিংয়ের বিপক্ষে নই। অনেক শিক্ষার্থী কোচিং করে ভালো ফল করছেন। তাই কারও প্রয়োজন হলে কোচিংয়ের সহযোগিতা নেওয়া যেতে পারে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেতে চান, তাদের উচিত শুরু থেকেই সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া। একাধিক দিকে মনোযোগ না দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করাই ভালো। ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। নিয়মিত নামাজ আদায়, আল্লাহর ওপর ভরসা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ, সাফল্য আসবে। তবে কেউ প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে হতাশ হওয়া যাবে না। মন খারাপ না করে জীবনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জীবনের একটি প্ল্যাটফর্ম মাত্র, পুরো জীবন আরও সুন্দর। 

এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন, ফল দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
‘দোয়ার মাধ্যমে ভাগ্যও পাল্টায়’— শেষ সময়ের যে টেকনিকে ছোঁয়া …
  • ২৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছেন এমপি ফজলুর, বিব্রত সরকার…
  • ২৩ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কার…
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে জটিলতা, পুনঃনিরীক্ষণের ফল দেখা যা…
  • ২৩ নভেম্বর ২০২৬