অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল © সংগৃহীত
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিন হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নীতি, নিয়ম ও আইন অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর সাংবাদিকদের এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। এদিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি শেষে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১৭ নভেম্বর হাইকোর্ট বিভাগ জনস্বার্থে করা একটি রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি দুটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। এর একটি ছিল, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শেষ করা যাবে না। অন্য আদেশে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তিনি জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের ক্ষতি এড়াতে সরকার পুনরায় পরীক্ষার সুযোগ দিয়েছে। পাশাপাশি পরীক্ষার মূল্যায়নে ভুল রয়েছে বলে মনে করলে শিক্ষার্থীদের পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগও দেওয়া হয়েছে। এ কারণে নিয়মিতভাবে সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থী, পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী—এমন তিনটি শ্রেণি তৈরি হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে অকৃতকার্য ও রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা পরিচালনা করতে পারবে বলেও ওই বৈঠকে জানানো হয়।
তার অভিযোগ, ইউজিসির ওই সিদ্ধান্তকে ঘিরে কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে এমনভাবে বিষয়টি তুলে ধরা হয়, যেন দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশ বা তাদের সুযোগ দেওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
তিনি আরও জানান, ১৮ নভেম্বর ইউজিসি বৈঠক করে ৯ নভেম্বরের সিদ্ধান্ত প্রত্যাহার করে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ভর্তি পরীক্ষা পরিচালনা করতে পারবে বলে আবারও স্পষ্ট করে।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে আপিল করা হয়। ১৯ নভেম্বর চেম্বার বিচারপতির কাছে বিষয়টি উপস্থাপন করা হলে তিনি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেন। সোমবার প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতির বেঞ্চে দীর্ঘ শুনানি হয়। সেখানে রাষ্ট্রের পক্ষে তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসির আইনজীবীরা হাইকোর্টের আদেশ স্থগিতের পক্ষে বক্তব্য দেন।
রিট আবেদনকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, জনস্বার্থে মামলা করার ক্ষেত্রে এমন ব্যক্তিদের স্বার্থ তুলে ধরতে হয়, যারা নিজেরা আদালতের আশ্রয় নিতে পারেন না। কিন্তু এ মামলায় কোনো শিক্ষার্থী আবেদন না করে একজন আইনজীবী রিট করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ওই আইনজীবী কার স্বার্থে মামলাটি করেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। এ কারণে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। তবে কোনো সুযোগকে অধিকার হিসেবে বিবেচনা করে অন্য শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আটকে রাখা যায় না।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা পিছিয়ে দিলে নিয়মিতভাবে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও তাকে জানিয়েছেন, করোনাকালের সেশনজট কাটিয়ে বিশ্ববিদ্যালয়টি বর্তমানে সেশনজটমুক্ত অবস্থায় রয়েছে। ভর্তি পরীক্ষা বিলম্বিত হলে আবারও সেশনজট তৈরির আশঙ্কা রয়েছে।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে। অধিকাংশ শিক্ষার্থীর আগ্রহ থাকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ বিবেচনা করেন অনেক শিক্ষার্থী। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পিছিয়ে গেলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সবাই পুনরায় পরীক্ষায় অংশ নেবেন না। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি হলেও পুনরায় পরীক্ষার জন্য আবেদন করেছেন এক লাখের কম। বাকিদের কেউ কেউ হয়তো আগামী বছর নতুন করে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। তাই একটি নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর কথা বিবেচনা করে বৃহত্তরসংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা যুক্তিসংগত নয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সুযোগ কখনো অধিকার হয়ে দাঁড়ায় না।’ আদালতে তিনি এসব যুক্তি তুলে ধরেছেন। আপিল বিভাগ সরকারের বক্তব্য শুনে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন।
তিনি বলেন, আপিল বিভাগের আদেশের ফলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর আর কোনো আইনগত বাধা থাকল না।