এনটিআরসিএর ১-১২তম শিক্ষক নিবন্ধনধারী শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি
বিভ্রান্তিকর, অসত্য ও যোগসাজশীমূলক সংবাদ পরিবেশনের অভিযোগে ‘দৈনিক আমাদের বার্তা’ ও ‘দৈনিক শিক্ষা ডটকম’ পত্রিকাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনটিআরসিএ কর্তৃক ১-১২তম শিক্ষক নিবন্ধনধারীরা। বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যম দুটির প্রধান সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদককে এ নোটিশ দেওয়া হয়েছে।
নিবন্ধনধারী মো. মনিরুল হকের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহেদ রাজমূল বারী এ নোটিশ পাঠিয়েছেন। এতে আগামী তিন দিনের মধ্যে পত্রিকার একটি প্রতিবাদ প্রকাশ ও প্রচার করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, মনিরুল হক উচ্চ শিক্ষিত, রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএড ও এমএড সনদধারী। তিনি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং ১-১২তম শিক্ষক নিবন্ধনধারী নিয়োগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। ১-১২তম নিবন্ধনধারী সবাই উচ্চ শিক্ষিত, অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী পাশাপাশি অন্যান্য যোগ্যতার সনদধারী।
এনটিআরসিএ ২০০৫ সালে প্রথম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জননীতি কার্যক্রম পরিচালনা শুরু করলেও কোন সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় হাজার হাজার চাকরিপ্রত্যাশী নিবন্ধনধারী শিক্ষকেরা বেকার, কর্মহীন জীবন যাপন করছেন। এনটিআরসিএ-এর শৃঙ্খলাজনীত নিয়মনীতি না থাকায় ১ম-৮ম ব্যাচ পর্যন্ত সনদের মেয়াদ ৫ (পাঁচ) বছর এবং ৯ম-১১তম ব্যাচের মেয়াদ ছিল না। ১২তম থেকে মেয়াদ করা হয় তিন বছর।
আরও বলা হয়েছে, ১৯-১২তম ব্যাচের কারোরই ২০ নম্বরের মৌখিক পরীক্ষা ছিল না। ১৩তম ব্যাচ থেকে মৌমিক শুরু করা শিক্ষকদের মেধাক্রম ব্যাচ অনুযায়ী না করে একত্রে সাজানোর কারণে অতিরিক্ত ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এগিয়ে যায়। এটি ১ থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের সাথে চরম বৈষম্য ।
আরও খবর: মাত্র ২৫ দিন অপেক্ষা করলেই ঢাবি-মেডিকেল-বুয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে কয়েক লাখ শিক্ষার্থী
নোটিশে বলা হয়, কিছুদিন ধরে ‘দৈনিক আমাদের বার্তা’ ও ‘দৈনিক শিক্ষা ডটকম’ ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ তৈরি করে প্রকাশ ও প্রচারনা চালাচ্ছে। নিবন্ধনধারীদের কয়েকজন রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট তাদের পক্ষে আদেশ দিয়েছেন।
এসব শিক্ষকের কথা বিবেচনা করে গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ের ১ম থেকে ১২তম নিবন্ধনধারী প্রার্থীদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু ভিডিও বার্তায় কমিটি সম্পর্কে বিরুপ মন্তব্য করা হয়েছে। আরও একাধিক সংবাদ অতি উৎসাহী হয়ে উদ্দেশ্যেমূলকভাবে পরিবেশন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এর মাধ্যমে গণমাধ্যম দুটি নিরপেক্ষতা হাড়িয়েছে উল্লেখ করে আগামী তিন দিনের মধ্যে পত্রিকা দুটিতে প্রতিবাদ প্রকাশ ও প্রচার করার কথা বলা হয়েছে। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইনানুযায়ী এক বা একাধিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে।