শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সভার রেজ্যুলেশন প্রস্তুত হওয়ার পর এ সুপারিশ পাঠানো হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একটি সূত্র জানিয়েছে, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সভায় ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ করা হয়। তবে এ সভার রেজ্যুলেশন এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে রেজ্যুলেশন করে এরপর সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সূত্রের তথ্য বলছে, শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিবসহ এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কী সিদ্ধান্ত নিলো সে বিষয়ে স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।
এদিকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত শিক্ষকেরা।
গত রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। লিখিত বক্তব্যে তারা জানান, ২০০৫ সাল থেকে সনদ দেয়া হলেও এনটিআরসিএর বিভিন্ন নীতিমালা পরিবর্তন, ভাইভা নম্বরের তারতম্য ও বয়সের বাধ্যবাধকতার কারণে ১-১২তম ব্যাচের একটা বড় অংশ পদে পদে বৈষম্যের শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, ২০১৭ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের ১২ জুনের আগে সনদপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। অথচ নানা আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে তারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। বিগত সরকারের আমলে শাহবাগে টানা ২০৩ দিন আন্দোলন করলেও তাদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
শিক্ষক নেতারা বলেন, ১৩তম ব্যাচের ২ হাজার ২০৭ জন প্রার্থী যদি আদালতের আদেশে নিয়োগের সুযোগ পান, তবে ১-১২তম ব্যাচের ক্ষতিগ্রস্ত প্রার্থীরাও ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। এ জটিলতা নিরসনে তারা আদালতের রায় বাস্তবায়ন ও নির্বাহী আদেশে দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।