শাহাবাগে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৫ নভেম্বর) শাহাবাগে অবস্থান কর্মসূচিতে তারা এসব দাবি জানান সুপারিশবঞ্চিত প্রার্থীরা।
প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছিল। এ পরীক্ষায় পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।
প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা দুইবার নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন। তারা দাবি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা জানান, দাবি আদায়ে তারা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন আন্দোলন করেছেন। সর্বশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত্রিযাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন, দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন।
প্রার্থীরা আরও জানান, গত ৮ জুন ২০২৬ তারিখে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তৎকালীন এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর মাধ্যমে তাদের নিয়োগের বিষয়ে নির্দেশনা দেন। একই সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের জন্য পদ সংরক্ষণের ঘোষণা দেন। তবে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তারা জানতে পারেন, কলেজ পর্যায়ে মাত্র ৭৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাঁদের ভবিষ্যৎ ও পেশাগত জীবন নিয়ে হতাশা তৈরি হয়।
এরপর ৯ হাজার ৮৪২ জনকে একসঙ্গে নিয়োগ এবং সুপারিশবঞ্চিত প্রার্থীদের অনুপাতে বিষয়ভিত্তিক শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে তারা শিক্ষামন্ত্রী ও এনটিআরসিএর বর্তমান চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় পদ সংরক্ষণের নীতি বাদ দিয়ে শিক্ষক বদলির পর তাদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়। পাশাপাশি দ্রুত নিয়োগের আশ্বাসও দেওয়া হয়।
সর্বশেষ গত ১১ আগস্ট এক সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষক বদলির পর ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর বিষয়টি তুলে ধরেন। তবে এনটিআরসিএ প্রার্থীদের জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত আদেশ না থাকায় তাদের নিয়োগের বিষয়ে কোনো কার্যক্রম শুরু করা যাচ্ছে না। ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ প্রার্থীদের।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মূল দাবি তুলে ধরেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো—
১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা।
২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা।
৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।