এনটিআরসিএ © ফাইল ফটো
তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছেন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সম্প্রতি ১৯তম/৯ম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ৩ বছর ধরে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি বন্ধ রয়েছে। গত ১৪ জুলাই এবং ৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুইবার আশ্বাস দিয়েছিলেন, গত অক্টোবর মাসের মধ্যে সার্কুলার প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও আজ পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রার্থীদের তিন দফা দাবি হলো- এক সপ্তাহের মধ্যে ১৯তম/৯ম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে হবে; দীর্ঘ তিন বছর সার্কুলার প্রকাশিত না হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য ব্যাকডেট দিয়ে সার্কুলার প্রকাশ করতে হবে এবং স্কুল ও স্কুল-২ পর্যায়ে সকলকে আবেদনের সুযোগ দিয়ে আলাদা আলাদা দিনে প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।