পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে জরুরি মতবিনিময় সভা ডেকেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সভাপতিত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আগামী ২৬ নভেম্বর ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে (৪ নং ভবনের ৮ম তলা) অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। সভায় সব এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (প্রতিনিধি নয়) উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
