ভর্তি প্রস্তুতি

স্বপ্নের শুরুটা ভর্তি পরীক্ষায় টপারদের সাক্ষাৎকার পড়ে, পরে নিজেই বুয়েটে পঞ্চম নাহিদ

২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ PM
নাহিদ হোসেন রিদম

নাহিদ হোসেন রিদম © সংগৃহীত ও সম্পাদিত

একসময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সাক্ষাৎকার পড়তেন নাহিদ হোসেন রিদম। বিভিন্ন লিফলেটে থাকা বুয়েটে মেধাতালিকায় প্রথম হওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার তাকে ভীষণ অনুপ্রাণিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন, একদিন তিনিও বুয়েটে পড়বেন, তারও এমন একটি সাক্ষাৎকার প্রকাশিত হবে। সেই স্বপ্ন ধীরে ধীরে পরিণত হয় লক্ষ্যে। অবশেষে বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে নিজের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে শুধু দীর্ঘ সময় পড়াশোনা নয়, রয়েছে নিয়মিত অনুশীলন, ধারণা পরিষ্কার রাখা, নিজের ভুল বিশ্লেষণ এবং পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনার কৌশল। নিজের স্বপ্নপূরণের গল্প, প্রস্তুতির অভিজ্ঞতা ও নবীন ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন নাহিদ।

বুয়েটে পড়ার স্বপ্নটা কীভাবে তৈরি হয়েছিল?
আমার বড় বোন ২০১৬ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ওই সময় তিনি যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন উদ্ভাস বা উন্মেষের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের লিফলেট বাসায় নিয়ে আসত। উদ্ভাসের একটি লিফলেটে দেখতাম, বুয়েটে যারা প্রথম হয়েছেন, তাদের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেগুলো আমি পড়তাম। পড়ে অনেক অনুপ্রাণিত হতাম। তখন থেকেই বুয়েটের প্রতি আমার একধরনের আকর্ষণ তৈরি হয়। মনে হতো, বড় হয়ে আমিও বুয়েটে পড়ব, আমারও এমন একটি সাক্ষাৎকার প্রকাশিত হবে। মূলত সেখান থেকেই বুয়েটে পড়ার স্বপ্নের শুরু। পরে ধীরে ধীরে যখন ওপরের ক্লাসে উঠেছি, তখন সেই স্বপ্ন একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিণত হয়েছে।

বুয়েটে পঞ্চম হওয়ার অনুভূতি কেমন ছিল?
আসলে আমাদের পরীক্ষা হয়েছিল ১৮ জুন, আর ফল প্রকাশিত হয়েছিল ৩০ জুন। বুয়েটে আগে থেকে ফল প্রকাশের তারিখ জানানো হয় না। তাই আমরা প্রতিদিনই হালকাভাবে ফলের খোঁজ নিতাম। সেদিন প্রথমে আমার এক খালাতো ভাই ফোন করে জানায়, বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তখন আমার হার্টবিট স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল।

পরে ফল দেখতে গিয়ে দেখি পাঁচ নম্বরে আমার নাম। সেই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। আমি প্রত্যাশা করেছিলাম ভালো করব, কিন্তু এতটা ভালো করব, কখনো ভাবিনি। সেই সময় আমার পাশে আম্মু ছিলেন। তাকে ডাকি। পুরো মুহূর্তটি খুব আবেগের ছিল। আব্বু তখন বাইরে ছিলেন। পরে বাসায় আসার পর অনেক দিন পর আব্বুকে জড়িয়ে ধরেছিলাম। সব মিলিয়ে মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় সময়গুলোর একটি।

প্রস্তুতি কীভাবে নিয়েছিলেন? কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়েছেন?
এইচএসসি পরীক্ষায় সাধারণত সময় বেশি থাকে এবং প্রশ্নগুলো তুলনামূলক সহজ হয়। বেশিরভাগ প্রশ্নই গতানুগতিক ধারার হয়ে থাকে। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বুয়েটের পরীক্ষায়, তিন মিনিটে একটি লিখিত প্রশ্ন সমাধান করতে হয়। তিন মিনিট খুবই কম সময়। এর মধ্যে প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে, হিসাব করতে হবে এবং উত্তরও লিখতে হবে। ফলে সময়ের একটা বাড়তি চাপ থাকে।

পরীক্ষায় মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হয়। গণিত ও পদার্থবিজ্ঞানের প্রস্তুতি অনেকটা একই রকম। এই দুটি বিষয়ে ধারণা পরিষ্কার করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। আমি ঠিক এভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। 

রসায়নের ক্ষেত্রে কিছু বিষয় মুখস্থ করতে হয়। শুরুতে এসব বিষয় আমার ভালো লাগত না। মুখস্থ করতেও একদমই ভালো লাগত না। তাই প্রথম দিকে শুধু গণিতনির্ভর অধ্যায়গুলো পড়েছিলাম। পরে মনে হলো, বুয়েটে ভালো করতে হলে তিনটি বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে। তখন রসায়নের মুখস্থনির্ভর প্রশ্ন ও বিষয়গুলোতেও মনোযোগ দিই। মুখস্থের বিষয়গুলো শুধু পড়লে আমার সমস্যা হতো। তাই সেগুলো পড়ার পাশাপাশি বারবার লিখতাম। এভাবে লিখতে লিখতেই বিষয়গুলো মনে থাকত।

প্রস্তুতির সময় কঠিন প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কৌশল কী ছিল?
এইচএসসির শুরুর দিকে যখন কোনো কঠিন প্রশ্ন পেতাম বা যে প্রশ্ন পারতাম না, সেটি সমাধান দেখার আগে নিজে বেশ কিছুক্ষণ চেষ্টা করতাম। এরপরও না পারলে সমাধান দেখতাম। এতে চিন্তা করার ক্ষমতা বাড়ে। নিজে চেষ্টা করলে একটি প্রশ্ন কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে চিন্তা করার অভ্যাস তৈরি হয়। 

কোনো প্রশ্ন না পারলে কী করা উচিত বলে মনে করেন?
কোনো একটি প্রশ্ন না পারলে সেটি বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়া সবচেয়ে ভালো। ধরুন, পরীক্ষার হলে একটি কঠিন প্রশ্ন পেলেন, যেটি আপনি সমাধান করতে পারছেন না। তখন সেটি নিয়ে বেশি সময় নষ্ট করা উচিত নয়। আমি জানি, বুয়েটের ভর্তি পরীক্ষায় ভালো করেছি। অনেকের মনে হতে পারে, আমি হয়তো সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। কিন্তু বিষয়টি এমন নয়।

বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম দিকের প্রশ্নগুলো বেশ কঠিন থাকে। এমন কিছু প্রশ্ন দেওয়া হয়, যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। এর মাধ্যমে পরীক্ষার্থীদের নার্ভ টেস্ট করার চেষ্টা করা হয়। আমার পরীক্ষায়ও প্রথম দুই-তিনটি প্রশ্ন বেশ কঠিন ছিল। তাই সেগুলো বাদ দিই। পরে পাঁচ বা ছয় নম্বরের দিকে একটি গণিতের প্রশ্ন পাই, যেটি আমার পরিচিত ছিল। অনেকবার অনুশীলন করেছিলাম বলে সেটি সহজেই সমাধান করতে পেরেছি। ওই প্রশ্নটি দিয়েই পরীক্ষা শুরু করি।

এরপর যেগুলো পারতাম, সেগুলো আগে সমাধান করেছি। পরীক্ষার শেষ দিকে যখন প্রায় আধা ঘণ্টা সময় ছিল, তখন যেসব প্রশ্ন বাদ দিয়েছিলাম, সেগুলো আবার চেষ্টা করেছি। আমার পরামর্শ হলো, কোনো প্রশ্নে আটকে গেলে সেখানে বেশি সময় দেওয়া যাবে না। কারণ, একটি প্রশ্নের পেছনে বেশি সময় ব্যয় করলে শেষ পর্যন্ত পুরো পরীক্ষাই খারাপ হতে পারে।

প্রস্তুতির সময় পড়া বিষয়গুলো মনে রাখার জন্য কীভাবে রিভিশন দিতেন?
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনুশীলন ও ধারণা পরিষ্কার রাখার পাশাপাশি রিভিশন দেওয়াও অনেক গুরুত্বপূর্ণ। আমি কোনো একটি অধ্যায় পড়ার সময় গুরুত্বপূর্ণ ধারণাগুলো নোট করে রাখতাম। পাশাপাশি কোনো প্রশ্নের উত্তর বের করতে পারলে সেটিও নোট করতাম। বিশেষ করে প্রতিটি ধরনের প্রশ্ন থেকে অন্তত একটি করে প্রশ্ন রাখার চেষ্টা করতাম। পরে যখন রিভিশন দিতাম, তখন নোটে রাখা প্রশ্নগুলো আবার সমাধান করতাম। নোট না দেখেই সমাধান করার চেষ্টা করতাম, যাতে বুঝতে পারি বিষয়গুলো কতটুকু মনে আছে। এভাবে রিভিশন দিলে নিজের প্রস্তুতির অবস্থাও বোঝা যায়।

আপনার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন?
বুয়েটে চান্স পাওয়ার পেছনে আমার শিক্ষক ও পরিবারের অনেক বড় অবদান রয়েছে। শিক্ষকদের কথা বলতে গেলে, মাধ্যমিকের শিক্ষকেরা ছোটবেলা থেকেই আমাকে ভালো করার এবং ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। বিষয়টি সব সময় আমার মধ্যে ছিল।
কলেজে শিক্ষকদের খুব বেশি সময় পাইনি। তবে অল্প সময়ের মধ্যেই তারা আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। 

আর বাবা-মায়ের অবদানের কথা তো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার ভর্তি প্রস্তুতি কিংবা জীবনের যেকোনো ক্ষেত্রে তাদের অবদান সবচেয়ে বেশি।

প্রস্তুতির জন্য প্রতিদিন কত ঘণ্টা পড়া উচিত বলে মনে করেন?
আমার মতে, প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা শুধু বইয়ের সামনে বসে থাকলেই ভালো প্রস্তুতি হয় না। ভালো প্রস্তুতি হলো, আপনি যতটুকু সময় পড়বেন, সেই সময়টুকু গভীর মনোযোগ দিয়ে পড়বেন। ভালোভাবে অনুশীলন করবেন এবং নিজের ভুলগুলো বিশ্লেষণ করবেন। প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পড়া একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এভাবে পড়তে গেলে একসময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। 

আর একটি বিষয় আগেই বলেছি, রিভিশন দিতে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতে হবে। বিশেষ করে প্রস্তুতির শেষ দিকে ছোট নোট তৈরি করে রাখলে অনেক উপকার পাওয়া যায়।

পরীক্ষার্থীরা প্রস্তুতির ক্ষেত্রে কী ধরনের ভুল বেশি করে বলে মনে করেন?
একটি ভুল অনেকেই করে। কারও প্রস্তুতি হয়তো খুব ভালো নয়, বইয়ের অঙ্কগুলো প্রথমবার দেখেই সমাধান করতে পারছে না, কিংবা তার আরও অনুশীলন প্রয়োজন। এমন অবস্থায় অনেকে আইআইটির প্রশ্নব্যাংক সমাধান করতে শুরু করে। আমার মতে, এটি ঠিক সিদ্ধান্ত নয়।

অনেক পরীক্ষার্থী মনে করে, বুয়েটের সব প্রশ্নই অনেক কঠিন। প্রতিটি প্রশ্ন সমাধান করতে অনেক বেশি চিন্তা করতে হয়। কিন্তু বাস্তবতা এমন নয়। আমার অভিজ্ঞতায়, বুয়েটের প্রায় ৮০ শতাংশ প্রশ্নই পরিচিত ধরনের হয়ে থাকে। বইয়ের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে বেশিরভাগ প্রশ্নই সমাধান করা সম্ভব। প্রশ্নে সংখ্যার কিছু পরিবর্তন থাকতে পারে, কিন্তু তাতে সমস্যা হওয়ার কথা নয়।

আমি মূলত বোঝাতে চাইছি, বেশিরভাগ প্রশ্নই তুলনামূলক সহজ ধরনের। এরপরও অনেকে সেগুলো সমাধান করতে পারে না কেন? এর অন্যতম কারণ পর্যাপ্ত অনুশীলনের অভাব। 

প্রশ্ন সহজ হলেও সেটি তিন মিনিটের মধ্যে সঠিকভাবে সমাধান করতে হবে। আপনি যদি নিয়মিত অনুশীলন না করেন, তাহলে দুই ঘণ্টায় ৪০টি প্রশ্ন সমাধান করতে গিয়ে ঘাবড়ে যাবেন। পরীক্ষায় কঠিন প্রশ্নও থাকবে। শুরুতেই সেগুলো সমাধান করতে গেলে আত্মবিশ্বাস আরও কমে যেতে পারে। তখন ভয়ও বেড়ে যাবে। তাই আমি বলব, প্রস্তুতির সময় অনুশীলনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সহজ অঙ্কগুলো পারলেও সেগুলো বারবার অনুশীলন করতে হবে। এই অভ্যাসই ভর্তি পরীক্ষায় ভালো করতে আপনাকে অনেক সাহায্য করবে।

[সাক্ষাৎকারটি এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছিল]

প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত…
  • ২১ নভেম্বর ২০২৬
৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের…
  • ২১ নভেম্বর ২০২৬