ভর্তি প্রস্তুতি

সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও কেন জগন্নাথে আহনাফ

১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ PM
আহনাফ জিশান শীন

আহনাফ জিশান শীন © টিডিসি সম্পাদিত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চারটিতেই পান্স পান আহনাফ জিশান শীন। জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩তম স্থান অর্জন করে বর্তমানে আইন বিভাগে পড়াশোনা করছেন জিশান। জবি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বি ইউনিটে ১ হাজার ৩৩৯তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সি ইউনিটে ২৯৮তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বি ইউনিটে ১০৯তম স্থান অর্জন করেন তিনি। ভর্তি প্রস্তুতির পুরো সময়টায় কোনো গতানুগতিক কোচিং করেননি, প্রস্তুতি নিয়েছেন নিজে নিজেই। তার মতে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় সবাই মেধাবী। তবে শেষ পর্যন্ত যারা আত্মবিশ্বাস ধরে রাখতে পারে তারাই এগিয়ে থাকেন। পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে না গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়াই সফলতার অন্যতম চাবিকাঠি বলে জানিয়েছেন জিশান।

শেষ সময়ে নতুন বিষয় পড়ার চেয়ে বিগত বছরের প্রশ্ন সমাধান, মডেল টেস্ট এবং আগে পড়া বিষয়গুলো বারবার রিভিশনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ জিশানের।

প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?
শুরু থেকেই আমার বাবার ইচ্ছা ছিল আমাকে আইন বিভাগে পড়াবেন। একটা সময় বাবার স্বপ্নটাও আমার স্বপ্নে পরিণত হয়। এইচএসসি পরীক্ষার পর থেকেই যেসব বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ ছিল, শুধু সেগুলোর জন্যই প্রস্তুতি নিয়েছিলাম এবং কেবল সেসব বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ২৩তম স্থান অধিকার করে আইন বিভাগে পড়ার সুযোগ হয়েছে।

প্রস্তুতির সময় হতাশা বা মানসিক চাপ কীভাবে সামলেছেন?
প্রস্তুতির পুরো সময়েই স্বাভাবিকভাবে হতাশা বা মানসিক চাপ থাকাটা স্বাভাবিক। তবে আমার ক্ষেত্রে পরিবারের সহযোগিতা ছিল অপরিসীম। আমি গতানুগতিক কোনো কোচিং করিনি। নিজে নিজে পড়াশোনা করেই আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। তাই ভর্তি প্রস্তুতির পুরো সময় পরিবার পাশে থাকায় হতাশা বা মানসিক চাপ তেমন কাজ করেনি।

তবে কোনো শিক্ষার্থী যখন একটি পরীক্ষায় ভালো করে, তখন তার মানসিক চাপ বা হতাশা স্বাভাবিকভাবেই অর্ধেক কমে যায়। একই সঙ্গে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। জাবিতে যখন প্রথম পরীক্ষা দিলাম এবং সেখানে ভর্তির সুযোগ পেলাম, তখনই আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল, সামনে ইনশাআল্লাহ আরও ভালো করব।

আপনার প্রস্তুতিতে পরিবার কতটা সহযোগিতা করেছে?
ভর্তি প্রস্তুতির পুরো সময়টাতেই পরিবার আমাকে সহযোগিতা করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। পরিবারের সহযোগিতা ছাড়া এই পথ মোটেও সহজ ছিল না। বিশেষ করে বাবা বারবার বলেছেন, তুমি চেষ্টা করে যাও, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দাও। পরিবারের এমন ছোট ছোট কথার মধ্যেই যে ভরসার জায়গা তৈরি হয়, সেটিই মূলত এই সময়ে পরশপাথরের মতো কাজ করে। সত্যি বলতে, আজ আমি যে পর্যায়ে আছি, এর পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবারের, বিশেষ করে বাবা-মায়ের। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।

শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত?
শেষ সময়ে নতুন করে পড়ার মতো তেমন কিছু নেই। এ সময় সাম্প্রতিক তথ্য বা কারেন্ট অ্যাফেয়ার্স বেশি বেশি পড়তে হবে এবং আগে পড়া বিষয়গুলো রিভিশন দিতে হবে। শেষ সময়ের প্রস্তুতির ৬০ শতাংশ সময় দিতে হবে বিগত বছরের প্রশ্ন সমাধান ও মডেল টেস্টে। বাকি ৪০ শতাংশ সময়ে আগে পড়া বিষয়গুলো কয়েকবার রিভিশন দিতে হবে এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হবে। এ ক্ষেত্রে পত্রিকা পড়ার অভ্যাসও অনেক কাজে দেয়।

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেকেই দুশ্চিন্তায় পড়েন, এ পরিস্থিতি সামলানোর উপায় কী?
আত্মবিশ্বাসী থাকতে হবে। মনে করতে হবে, এখানে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের কেউই তোমার চেয়ে বেশি মেধাবী নয়। যে আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষাটি ভালোভাবে শেষ করতে পারবে, সেই এগিয়ে যাবে। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে লেখা শুরু করতে হবে। পুরো পরীক্ষার সময় কারও দিকে তাকানোর প্রয়োজন নেই। দ্বিধায় পড়া যাবে না, আত্মবিশ্বাসী থাকতে হবে। এই বিষয়টিই পরীক্ষার্থীদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। সবাই মেধাবী, কিন্তু আত্মবিশ্বাসীরাই চান্স পায়। ভর্তি পরীক্ষায় আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।

অনেকের ধারণা ১৬-১৮ ঘণ্টা পড়লেই ভালো করা যায়, বিষয়টিকে কীভাবে দেখেন?
আমি কখনোই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়িনি। বিষয়টি আমার কাছে কিছুটা অতিরঞ্জিত মনে হয়। ৮ থেকে ১০ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়তে পারাটাই যথেষ্ট। ভর্তি প্রস্তুতির সময় শারীরিক সুস্থতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়ে যদি পরের তিন দিন অসুস্থ থাকতে হয়, তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। পড়াশোনার সময় ধীরে ধীরে বাড়াতে হবে। শেষ দিকে অর্থাৎ পরীক্ষার আগে আগে পড়ার সময় এমনিতেই ১২ থেকে ১৬ ঘণ্টায় পৌঁছে যায়। তবে শেষ সময়েও এমন চাপ নেওয়া যাবে না, যাতে পরীক্ষাটিই ভালো না হয়।

পরীক্ষার আর অল্প কিছু সময় বাকি, এই সময়ে নতুনদের কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত?
সাম্প্রতিক বিষয়গুলো এবং বিগত বছরের প্রশ্ন সমাধানে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রুটিন করে সময় ভাগ করে আগে পড়া বিষয়গুলো রিভিশন দিতে হবে। বিগত বছরের প্রশ্ন সমাধান করলে প্রশ্নের ধরন সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের প্রশ্ন বেশি আসে, তা সহজেই বোঝা যায়। এটি প্রস্তুতির ক্ষেত্রে খুবই কাজে দেয়।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং, অনুমান করে দাগাবেন নাকি ছেড়ে আসবে

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কি আগে থেকেই ছিল?
উচ্চশিক্ষার স্বপ্ন কার না থাকে? বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য ও উন্নত উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই। তাই বলব, বিশ্ববিদ্যালয় বলতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরু থেকেই ছিল।

পরীক্ষার হলে কী ধরনের কৌশল অবলম্বন করেছিলেন?
প্রথম ৩০ মিনিটে যেসব প্রশ্ন কমন ছিল, সেগুলোর উত্তর করেছি। পরবর্তী ১৫ মিনিটে যেসব প্রশ্নের উত্তর সম্পর্কে ৭৫ শতাংশ পর্যন্ত ধারণা ছিল, সেগুলোর উত্তর দিয়েছি। শেষ সময়ে গণিতধর্মী প্রশ্নগুলোর উত্তর করতাম। নেগেটিভ মার্কিং এড়াতে যেসব এমসিকিউ প্রশ্নের উত্তর সম্পর্কে কোনো ধারণা ছিল না বা যেগুলো কখনো পড়িনি, সেগুলোর উত্তর করতাম না। কোনো পরীক্ষায় লিখিত অংশ থাকলে কম করে লিখেও সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করতাম। কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখতাম না।

আরও পড়ুন: ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে

কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?
যারা পড়াশোনায় অভ্যস্ত, তাদের কোচিং করার প্রয়োজন আছে বলে মনে করি না। নিজেদের মতো করে কৌশল তৈরি করে প্রস্তুতি নিলে আরও ভালো করা যায় বলে আমার মনে হয়। তবে যারা খুব একটা পড়াশোনায় অভ্যস্ত নয়, তাদের জন্য কোচিং অবশ্যই ফলপ্রসূ। এ ছাড়া মডেল টেস্ট বা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির জন্যও কোচিং কিংবা অনলাইন পরীক্ষা ও মডেল টেস্ট কাজে লাগে। সে ক্ষেত্রে বিভিন্ন কোচিংয়ের মডেল টেস্টে অংশ নেওয়া যেতে পারে। তবে সেগুলোতে খারাপ করলেই যে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় খারাপ হবে, এমন নয়। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
আমি বলব আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসই ৯০ শতাংশ সফল। আত্মবিশ্বাসই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এবছরের পরীক্ষার্থীদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
  • ১৯ নভেম্বর ২০২৬
সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আওয়ামী লীগের সঙ্গে আপস করলে ঈমান থাকবে না’
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage