ভর্তি প্রস্তুতি

ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে

১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ PM
সাইফা বিনতে ওয়ারিশ

সাইফা বিনতে ওয়ারিশ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন সাইফা বিনতে ওয়ারিশ। ছোটবেলা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় বাবার একটি কথা তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তার বাবা বলতেন, সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়া সম্ভব। বাবার এই কথাই তাকে শেষ পর্যন্ত অনুপ্রাণিত করেছে বলে জানান মেধাবী এই শিক্ষার্থী।

ভর্তি প্রস্তুতির সময় কঠিন বিষয়গুলোতে বেশি সময় দিতেন সাইফা। সাধারণ জ্ঞান ও বাংলা বিষয়ে বেশি সময় দিলেও তুলনামূলক সহজ মনে হওয়ায় ইংরেজিতে সময় দিতেন কম। তবে যার যে বিষয়ে দুর্বলতা রয়েছে তার সেই বিষয়ে বেশি সময় দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি। 

ভর্তি প্রস্তুতির অনুপ্রেরণা কী ছিল?
খুব ছোটবেলা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা আকর্ষণ কাজ করত। মনে হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, তারা অন্য অনেকের চেয়ে আলাদা। তাদের মতো হতে ইচ্ছা করত। আরেকটু বড় হওয়ার পর যখন সিদ্ধান্ত নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে পরীক্ষা দেব, তখন থেকে আমার বাবা সব সময় একটা কথা বলতেন—আমি যদি সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাকে পুরোপুরি কাজে লাগাতে পারি, তাহলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হব। বাবার এই কথাটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করত। একেবারে শেষ পর্যন্ত এটি আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

প্রস্তুতির সময় কীভাবে পড়াশোনা করতেন? 
প্রস্তুতির সময় আমি চেষ্টা করতাম খুব সকালে উঠে পড়তে। কারণ আমার মনে হতো, সকালে অনেক কিছু পড়া সম্ভব হয়। যে বিষয়টি কঠিন মনে হতো, সেটিতে বেশি সময় দিতাম। আর যেটি সহজ লাগত, সেটিতে তুলনামূলক কম সময় দিতাম। যেমন সাধারণ জ্ঞান বিষয়ে বেশি পড়তে হয় বলে মনে হতো। তাই সাধারণ জ্ঞান ও বাংলায় বেশি সময় দিতাম। ইংরেজি আমার কাছে তুলনামূলক সহজ লাগত, তাই সেখানে কিছুটা কম সময় দিতাম। 

কোচিং কতটা প্রয়োজন বলে মনে করেন?
কোচিংয়ের বিষয়টি বলতে গেলে, ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কোচিং একটি গাইডলাইনের ভূমিকা পালন করে। তবে মূল সাফল্য নির্ভর করে ব্যক্তিগত প্রচেষ্টা ও অধ্যবসায়ের ওপর। কেউ কোচিং করতে না পারলে বা করতে না চাইলে সেটিকে আমি বড় কোনো সমস্যা মনে করি না। সে যদি কঠোর পরিশ্রম করে, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে এবং মূল বই ভালোভাবে পড়ে, তাহলে ভর্তি পরীক্ষায় সফল হওয়া সম্ভব।

প্রস্তুতির সময় হতাশা ও মানসিক চাপ কীভাবে সামলেছেন?
ভর্তি প্রস্তুতির সময় এমন পরিস্থিতি প্রায়ই আসত। কোনো কিছু মনের মতো না হলে মনে হতো, ভর্তি পরীক্ষায় হয়তো ভালো হবে না। এ ধরনের হতাশা কাজ করত। সেই সময় আমি বাবা-মায়ের সঙ্গে খোলামেলাভাবে কথা বলতাম। কোনো কিছু খারাপ লাগলে বা মনে হতো পারব না, তখন তাদের জানাতাম। বাবা-মা আমাকে ওই সময় অনেক বেশি বুঝিয়ে বলতেন। পাশাপাশি আমাকে অনেক সাহস দিতেন।

এ ছাড়া প্রতিদিন কিছুটা হলেও ব্যায়াম করার চেষ্টা করতাম। আগে থেকেই গিটার শেখা হতো। পড়তে পড়তে যখন মনে হতো মাথা আর কাজ করছে না, তখন পড়া বন্ধ করে গিটার নিয়ে বাজাতাম, নিজের মতো গান গাইতাম। এতে মনটা কিছুটা হালকা হয়ে যেত।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং, অনুমান করে দাগাবেন নাকি ছেড়ে আসবেন?

পরীক্ষার হলে কী ধরণের কৌশল অবলম্বন করেছিলেন?
আমি পরীক্ষার হলে প্রথমেই সাধারণ জ্ঞান অংশ দিয়ে উত্তর দেওয়া শুরু করেছিলাম। কারণ সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখলেই অনেক সময় বোঝা যায়, উত্তরটি জানা আছে কি না। এই অংশের উত্তর দিতে দিতে আমার মাথা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল।

আরেকটি বিষয় অনুসরণ করেছিলাম। যেসব প্রশ্ন দেখেই উত্তর জানা আছে বলে মনে হয়েছে, সেগুলোর উত্তর আগে দিয়েছি। যেগুলো কঠিন বা কিছুটা অজানা মনে হয়েছে, সেগুলো শেষের দিকে রেখেছিলাম। পরে চিন্তাভাবনা করে উত্তর দিয়েছি। এতে যেসব প্রশ্ন প্রথমে অজানা বা কঠিন মনে হয়েছিল, সেগুলোর বেশির ভাগ উত্তরই সঠিক হয়েছিল। অনেক উত্তর পরে মনে পড়েও গিয়েছিল।

ভবিষ্যতে কোন বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে?
আমার মনে হয়, একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনি কাঠামো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে আইন বিষয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। আইন নিয়ে পড়ার পাশাপাশি ভবিষ্যতে নিজেকে আইনসংশ্লিষ্ট কোনো পেশায় দেখতে চাই।

আরও পড়ুন: 'ভর্তি পরীক্ষার জন্য ১৮ ঘন্টা পড়তেই হবে এমন কোনো কথা নেই'

নতুনদের প্রস্তুতির ক্ষেত্রে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত?
ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ প্রবণতা দেখা যায়, তারা মূল বইয়ের চেয়ে নোট বা গাইড বই বেশি পড়েন। অনেকেই মনে করেন, নোট বা গাইড বই পড়লেই সব প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই, পড়াশোনার মূল মনোযোগ দেওয়া উচিত মূল বইয়ে। মূল বই ভালোভাবে পড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রস্তুতি অনেক ভালো হবে।

এর পাশাপাশি পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কারণ পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু সম্ভব নয়। নিয়মিত পড়াশোনা করাও খুব জরুরি। কোনো দিন বেশি পড়তে না পারলেও অন্তত আধা ঘণ্টা বা এক ঘণ্টা পড়ার চেষ্টা করতে হবে।

সাইফার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের লক্ষ্য স্থির রাখা। অনেক সময় হতাশার কারণে শিক্ষার্থীদের মানসিকতা বদলে যায়। মনে হয়, তারা পারবেন না। কিন্তু নিজের মানসিকতা এমনভাবে তৈরি করতে হবে, যেন লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমে না যান।

[সাইফা বিনতে ওয়ারিশের এই সাক্ষাৎকারটি এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল]

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬