ভর্তি প্রস্তুতি
মোহাম্মদ আবু হুরায়রা © সংগৃহীত ও সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু হুরায়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে তিনি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। তার প্রস্তুতির অন্যতম কৌশল ছিল নিয়মিত রিভিশন ও বেশি বেশি প্রশ্ন সমাধান। আবু হুরায়রার মতে, ভর্তি পরীক্ষায় ভালো করতে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়তেই হবে, এমন কোনো নিয়ম নেই। নিজের সামর্থ্য ও প্রস্তুতির প্রয়োজন অনুযায়ী পড়াশোনা করাই বেশি জরুরি।
ভর্তি প্রস্তুতির সময় হতাশা এলেও পড়াশোনা বন্ধ করেননি তিনি। তার মতে, অন্যের পড়ার সময় দেখে নিজের প্রস্তুতির রুটিন ঠিক করা উচিত নয়। কেউ চার ঘণ্টা পড়েই সন্তুষ্ট হতে পারেন, আবার কারও ১২ ঘণ্টা পড়ার প্রয়োজন হতে পারে। ভর্তি পরীক্ষার শেষ সময়ে সিলেবাস দ্রুত শেষ করে বারবার রিভিশন, বিগত বছরের প্রশ্ন সমাধান ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার।
প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?
ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় আমি উদ্ভাসে কোচিং করেছিলাম। উদ্ভাসের প্রশ্নব্যাংক ও প্রিপারেশন বইগুলো ভালোভাবে পড়েছি। শুধু পড়ে শেষ করাই নয়, প্রতিটি বিষয় সম্পর্কে গভীর ধারণা নেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি চর্চা অ্যাপের মাধ্যমে নিয়মিত অনুশীলন করেছি। মূলত এসব উপায়েই আমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম।
প্রস্তুতির সময় হতাশা বা মানসিক চাপ কীভাবে সামলেছেন?
হতাশা অবশ্যই কাজ করেছে। তবে হতাশ হয়ে পড়াশোনা বন্ধ করে দিইনি, বরং তা চালিয়ে গেছি। আমার মনে হয়, হতাশ হয়ে বসে থাকলে শেষ পর্যন্ত কোনো ভালো ফল পাওয়া যায় না। এতে ফলও ভালো হবে না, আবার হতাশাও কাটবে না। কিন্তু হতাশার মধ্যেও যদি পড়াশোনা চালিয়ে যাই এবং ভালো কিছুর আশা রাখি, তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তাই কঠিন সময়েও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি।
আপনার প্রস্তুতিতে পরিবার কতটা সহযোগিতা করেছে?
আমার বাবা-মা সব সময় আমাকে সমর্থন করেছেন। তারা বলতেন, তুমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি রিজিকে রাখেন, তাহলে হবে; না হলে হবে না। তাদের এই সমর্থন আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।
শেষ সময়ে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত?
শেষ মুহূর্তে রিভিশন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যতবার রিভিশন দেওয়া যাবে, ততবার পড়ার বিষয়গুলো সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হবে। এতে যেখান থেকেই প্রশ্ন আসুক, উত্তর দেওয়ার সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, সে সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। বারবার রিভিশন দিলে পরিচিত বিষয়গুলো ভালোভাবে মনে থাকে এবং পরীক্ষায় সেগুলোর উত্তর দেওয়ার সম্ভাবনাও বাড়ে।
আমার পরামর্শ থাকবে, যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, তারা যত দ্রুত সম্ভব সিলেবাস শেষ করার চেষ্টা করবে। আর যাদের সিলেবাস শেষ হয়েছে, তারা নতুন করে অনেক কিছু পড়ার পেছনে সময় না দিয়ে আগের পড়াগুলো বারবার রিভিশন দেবে। এতে প্রস্তুতি আরও ভালো হবে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী করবেন, যে ১০ কাজ এগিয়ে দেবে আপনাকে
প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী দুশ্চিন্তায় পড়েন, এ পরিস্থিতি সামলানোর উপায় কী?
প্রশ্নপত্র পাওয়ার পর আমি খুব বেশি দুশ্চিন্তায় পড়িনি। কারণ, পরীক্ষার আগে বারবার রিভিশন দিয়েছিলাম। তবে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দুশ্চিন্তা কাজ করে। আমার মনে হয়, এই দুশ্চিন্তা কাটানোর অন্যতম উপায় হলো নিয়মিত রিভিশন দেওয়া। পরীক্ষায় অনেক প্রশ্নই পরিচিত বা কমন পড়তে পারে। আবার কিছু প্রশ্ন একেবারেই অপরিচিতও মনে হতে পারে। এমন প্রশ্ন দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে, সেগুলো আগে ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এরপর নিজের জানা অনুযায়ী বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো প্রশ্ন কমন না পড়লেই হতাশ হয়ে গেলে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়াও কঠিন হয়ে যায়।
অনেক শিক্ষার্থীর ধারণা ১৬-১৮ ঘণ্টা পড়তেই ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব, বিষয়টিকে কীভাবে দেখেন?
এটি আসলে একটি ভুল ধারণা। ১৬ বা ১৮ ঘণ্টা পড়লেই যে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যাবে, এমন কোনো কথা নেই। প্রত্যেক শিক্ষার্থীর মেধা ও ধারণক্ষমতা আলাদা। তাই কার কতক্ষণ পড়া প্রয়োজন, সেটিও একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। আমার মনে হয়, তোমার যতটুকু পড়া উচিত বলে মনে হয়, ততটুকুই পড়ো। এমন নয় যে তোমাকে ১০ ঘণ্টা বা ১৮ ঘণ্টা পড়তেই হবে। যতটুকু পড়লে তুমি নিজে সন্তুষ্ট হবে, ততটুকু পড়ার চেষ্টা করো। আমি এমন অনেক দিন পড়েছি, যেদিন চার ঘণ্টাও পড়েছি। আবার এমন দিনও গেছে, যেদিন ১২ ঘণ্টা পড়েছি। মূল বিষয় হলো, নিজের পড়া শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু পড়া। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে কাঙ্ক্ষিত ফল পেলে তবেই পড়াশোনাটা সফল হবে বলে মনে করি।
পরীক্ষার আর এক মাসের কিছু বেশি সময় বাকি। এই সময়ে ভর্তিচ্ছুদের কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত?
প্রথমেই দেখতে হবে, নিজের সিলেবাস শেষ হয়েছে কি না। যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, তাদের দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে। আর সিলেবাস শেষ হয়ে গেলে বারবার রিভিশন দিতে হবে। নিয়মিত রিভিশন করলে প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অনেক বেড়ে যায়। এর পাশাপাশি বেশি বেশি অনুশীলন করতে হবে। প্রশ্নব্যাংক সমাধান করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলন করতে হবে। বিভিন্ন মাধ্যমে যত বেশি প্রশ্ন সমাধান করা যাবে, প্রশ্নের ধরন সম্পর্কে তত ভালো ধারণা তৈরি হবে। কোন ধরনের প্রশ্ন বেশি আসে, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোও বুঝতে সুবিধা হবে। নিয়মিত এভাবে অনুশীলন করলে পরীক্ষায় পরিচিত প্রশ্ন পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
আরও পড়ুন: পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কি আগে থেকেই ছিল?
হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আমার আগে থেকেই ছিল। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে। আমারও সেই ইচ্ছা ছিল। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমি রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দিয়েছিলাম।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
আমি বলবো প্রথমত নিজের সামর্থ্য অনুযায়ী পড়াশোনার সময় নির্ধারণ করতে হবে। অন্য কেউ ১২ ঘণ্টা পড়ছে বলে তোমাকেও ১২ ঘণ্টা পড়তে হবে, এমন নয়। নিজের প্রস্তুতি ও পড়ার প্রয়োজন বুঝে সময় দিতে হবে। দ্বিতীয়ত, সিলেবাস দ্রুত শেষ করে বারবার রিভিশন দিতে হবে। তৃতীয়ত, প্রশ্নব্যাংক ও বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি নিয়মিত অনুশীলন করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হতাশ হয়ে পড়াশোনা বন্ধ করা যাবে না। প্রস্তুতির সময় হতাশা আসতেই পারে, কিন্তু সেটিকে নিজের পড়াশোনার বাধা হতে দেওয়া যাবে না। নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।