ভর্তি প্রস্তুতি

পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই

১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ PM
আলফি শাহরিন

আলফি শাহরিন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফি শাহরিন। মানবিক শাখা থেকে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১৫৩তম স্থান অধিকার করেন তিনি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছিলেন। অনেকের ধারণা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি আলাদা করে নিতে হয়। তবে আলফির অভিজ্ঞতা বলছে, সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে একই প্রস্তুতিতেই একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব।

কলেজ জীবন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন আলফি। নিয়মিত পড়াশোনা, পাঠ্যবইয়ের প্রতি গুরুত্ব, রিটেন অনুশীলন, সাধারণ জ্ঞান চর্চা এবং ধারাবাহিক রিভিশন ছিল তার প্রস্তুতির মূল কৌশল। তার মতে, ভর্তি পরীক্ষায় ভালো করতে পড়ার কোনো বিকল্প নেই। ভুলে গেলেও হতাশ না হয়ে বারবার পড়তে হবে। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপচারিতায় নিজের ভর্তি প্রস্তুতি, বিষয়ভিত্তিক পড়াশোনা, দৈনন্দিন রুটিন, রিটেন অনুশীলন এবং পরীক্ষার্থীদের জন্য নানা পরামর্শ তুলে ধরেছেন আলফি শাহরিন।

আপনার ভর্তি প্রস্তুতির শুরুটা কীভাবে হয়েছিল?
কলেজ জীবন থেকেই আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেছিলাম। কলেজের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। আগের বছরের প্রশ্নপত্র দেখলেই বোঝা যায়, বাংলা ও ইংরেজির বড় একটি অংশ কলেজের সিলেবাস থেকেই আসে। বাংলা প্রথম পত্রের প্রতিটি গল্প, কবিতা ও সাহিত্যপাঠ ভালোভাবে পড়লে সেটি এইচএসসি ও ভর্তি পরীক্ষা দুটির প্রস্তুতিতেই কাজে আসে। ইংলিশ ফর টুডে বইটিও অনেকে অবহেলা করেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ ও লিখিত পরীক্ষায় এই বই থেকে প্রশ্ন আসে। আমি কলেজ জীবনেই বইটি শেষ করে ফেলেছিলাম। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বেসিক আগে থেকেই মজবুত করে এসেছিলাম। যারা ওই সময় ভালোভাবে পড়েননি, তারা নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বইটি ভালোভাবে পড়ে নিতে পারেন। এতে ব্যাকরণের ভিত্তি পরিষ্কার হবে।

এইচএসসি পরীক্ষার পর ভর্তি প্রস্তুতিতে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়েছিলেন?
এইচএসসির পর বাংলা ও ইংরেজিতে আমাকে নতুন করে খুব বেশি সময় দিতে হয়নি। আগে যা পড়েছিলাম, সেগুলো নিয়মিত রিভিশন করেছি। বেশি গুরুত্ব দিয়েছি লিখিত পরীক্ষা ও সাধারণ জ্ঞানে। মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে সাধারণ জ্ঞানের ৩০ নম্বর আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাই এই অংশে ভালো করার জন্য আলাদা সময় দিয়েছি। পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতিও নিয়মিত চালিয়ে গেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত অংশের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত?
লিখিত পরীক্ষার জন্য প্রতিটি গল্প ও কবিতা লাইনের ব্যাখ্যাসহ ভালোভাবে পড়তে হবে। তাহলে লিখিত অংশের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় শুধু পৃষ্ঠা ভর্তি করে লিখলেই নম্বর পাওয়া যায় না। এখানে নির্দিষ্ট প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে হয়। এই অভ্যাস কলেজ জীবন থেকেই গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত দেখে নিন

অনেকেই মনে করেন, লিখিত পরীক্ষায় বেশি লিখতে পারলেই ভালো নম্বর পাওয়া যাবে। বিষয়টি আসলে তেমন নয়। প্রশ্ন যা জানতে চেয়েছে, উত্তরও সেভাবেই দিতে হবে। এখন থেকে সিরিয়াসলি শুরু করলেও সবার পক্ষেই ভালো করা সম্ভব। আমি এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি, যারা কলেজ জীবনে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছেন। কিন্তু ভর্তি প্রস্তুতি শুরু করার পর মনোযোগী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করেছেন। তাই আগে কী হয়েছে, তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে নিয়মিত পড়াশোনা শুরু করতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। পরিকল্পনা অনুযায়ী পড়তে পারলে ভালো ফল করা সম্ভব।

বাংলা বিষয়ে প্রস্তুতির ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ?
বাংলা প্রথম পত্রের বইটি পুরোপুরি আয়ত্ত করতে হবে। এই বইয়ের বাইরে খুব কম প্রশ্ন আসে। প্রতিটি গল্প, কবিতা ও সাহিত্যপাঠ ভালোভাবে পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য নবম-দশম শ্রেণির বেসিক বই যথেষ্ট। আর বিরচন অংশের অনুশীলনের জন্য বাজারে থাকা যেকোনো একটি মানসম্মত বই অনুসরণ করা যেতে পারে। তবে একাধিক বই অনুসরণ না করে একটি বই ভালোভাবে শেষ করাই ভালো।

ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত কোন ভুলগুলো করেন?
অনেকেই ইংলিশ ফর টুডে বইটিকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু এই বই অবহেলা করলে শুধু এমসিকিউতেই সাত-আট নম্বর হারাতে হতে পারে। তাই সময় থাকতেই বইটি ভালোভাবে শেষ করতে হবে। অনেকের সিনোনিম ও অ্যান্টোনিম মনে থাকে না। এ ক্ষেত্রে আমার পরামর্শ হলো, আগে শব্দের অর্থ পড়তে হবে। আমারও অনেক কিছু মনে থাকত না। পড়বা, কান্না করবা, আবার পড়বা পড়তে তোমাকে হবেই। ভুলে গেলে সমস্যা নেই, পড়তে থাকো। বারবার পড়লে একসময় মনে থাকবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে নন-টেক্সচুয়াল টপিক পড়ার খুব বেশি প্রয়োজন নেই। বইয়ের টেক্সট ও প্যাসেজের ওপর ভিত্তি করেই প্রশ্ন হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন মূলত টেক্সচুয়াল।

যাদের লেখার অভ্যাস নেই, তারা চ্যাটজিপিটির সহায়তায় একটি নমুনা প্যারাগ্রাফ দেখে নিতে পারেন। এরপর সেটি অনুসরণ করে নিজে লেখার অনুশীলন করতে হবে। নিজের লেখা শিক্ষক কিংবা সিনিয়রের কাছে দেখিয়ে সংশোধন করিয়ে নিলে ভালো হয়। এতে লেখার ভুলগুলো বোঝা যায় এবং ধীরে ধীরে লেখার দক্ষতা বাড়ে।

নিয়মিত পড়াশোনার পাশাপাশি রিভিশন ও মডেল টেস্ট কতটা গুরুত্বপূর্ণ?
নতুন পড়া যতই হোক, পুরোনো পড়া নিয়মিত রিভিশন না করলে শেষ পর্যন্ত তেমন লাভ হয় না। তাই সপ্তাহে অন্তত এক-দুই দিন শুধু রিভিশনের জন্য রাখতে হবে। আগে যা পড়েছেন, সেগুলো বারবার ঝালিয়ে নিতে হবে। একই সঙ্গে যতটা সম্ভব মডেল টেস্ট দিতে হবে। পরীক্ষা না দিলে নিজের প্রস্তুতির অবস্থান বোঝা যায় না। কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোথায় ভুল হচ্ছে, সময় ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে কি না এসব মডেল টেস্টের মাধ্যমে যাচাই করা সম্ভব। আমার কাছে মনে হয়েছে, শুধু পড়লেই হবে না; নিজের প্রস্তুতি নিয়মিত যাচাই করাও জরুরি।

ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ধারাবাহিকতা ধরে রাখার কৌশল কী?
একদিন ১৬-১৭ ঘণ্টা পড়ে পরের সাত দিন বিশ্রাম নেওয়া যাবে না। প্রতিদিন দুই-তিন ঘণ্টা করে নিয়মিত পড়া বেশি কার্যকর। একদিন অনেক বেশি পড়ে পরবর্তী কয়েক দিন পড়াশোনা বন্ধ রাখলে প্রস্তুতিতে ধারাবাহিকতা থাকে না। জীবনের যেকোনো লক্ষ্য অর্জনে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী একটি রুটিন তৈরি করে সেটি মেনে চলার চেষ্টা করতে হবে।

আপনার দৈনন্দিন পড়াশোনার রুটিন কেমন ছিল?
সকালে ঘুম থেকে উঠেই ইংরেজির ভোকাবুলারি, প্রিপজিশন, গ্রুপ ভার্ব ও ইডিয়মস পড়তাম। এগুলো একসঙ্গে ধরে ধরে মুখস্থ করার চেষ্টা করতাম না। নিয়মিত পড়তে পড়তে কয়েক মাসের মধ্যেই অনেক কিছু আয়ত্তে চলে এসেছিল। সকালে ইংরেজি গ্রামার পড়তাম। দুপুরের পর বাংলা এবং সন্ধ্যার পর সাধারণ জ্ঞান পড়ার জন্য সময় রাখতাম। রাতে লিখিত অংশের অনুশীলন করতাম। এভাবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছিলাম।

প্রস্তুতির সময় মানসিকভাবে এগিয়ে থাকতে আমার মাথায় মূলত তিনটি চিন্তা কাজ করত। প্রথমত, মা-বাবা এত কষ্ট করে বাড়ির বাইরে রেখে আমাকে পড়াশোনা করাচ্ছেন। আমি যদি ব্যর্থ হই, তাহলে তাদের কী জবাব দেব? দ্বিতীয়ত, আমার সব বন্ধু সুযোগ পেয়ে গেছে, কিন্তু আমি পাইনি এটি মেনে নেওয়া কঠিন। তাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তৃতীয়ত, কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও যদি মনমতো বিষয় না পাই, তাহলে পুরো বিশ্ববিদ্যালয় জীবনই অর্থহীন মনে হবে। এই তিনটি চিন্তা আমাকে নিয়মিত পড়াশোনা করতে অনুপ্রাণিত করেছে। তবে প্রস্তুতির সময় ঘুম ও খাওয়াদাওয়ার দিকেও খেয়াল রেখেছি। শরীর ঠিক না থাকলে দীর্ঘ সময় পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল ১২ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে কী বলবেন?
পড়ার কোনো বিকল্প নেই। সফলতা শর্টকাটে আসে না। পড়তে বসলে ঘুম এলেও সমস্যা নেই। কিন্তু স্বপ্নকে স্পর্শ করতে চাইলে পড়তে বসে ঘুম আসবে না। প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। পাশাপাশি কনসিস্টেন্সি ধরে রেখে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে হবে। সবচেয়ে বড় কথা, ভুলে গেলে হতাশ হওয়া যাবে না। আবার পড়তে হবে। পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা পড়তে তোমাকে হবেই। নিয়মিত চেষ্টা করলে ইনশাআল্লাহ, স্বপ্ন একদিন হাতের মুঠোয় চলে আসবে।

বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950