ঢাবির স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হওয়া আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আটজন চীনা শিক্ষার্থী। এদের মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জন ঢাকা ছাড়বেন। আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সাথে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসারের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
চীনের এই আট শিক্ষার্থী ঢাবিতে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষের দিকে পরীক্ষা দিয়ে তাদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা ও তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে শর্ট কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। এখন দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তারা এই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা আটজনই চীনের একই ইউনিভার্সিটির শিক্ষার্থী। নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণের উদ্বেগ থেকেই তারা আগে চলে যাচ্ছে। দুজন চলে গেছে, বাকি যে ছয়জন আছেন, তারা ইতোমধ্যেই যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলেছেন।
ককটেল বিস্ফোরণের দিনের কথা উল্লেখ করে প্রাধ্যক্ষ আরও বলেন, বিস্ফোরণের দিন ওই ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থী ঘটনার সময় আশেপাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত এই ঘটনার পর থেকেই তাদের মধ্যে আতঙ্ক কাজ করছিল।
উল্লেখ্য, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করেছে। পাশাপাশি ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।