পরীক্ষার হল © সংগৃহীত
এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি ও পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর থেকে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। তবে ইউজিসির অনুরোধ অগ্রাহ্য করে পূর্ব নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে। বুধবার (১১ নভেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত ১২টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।
কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে
ঢাকা বিশ্ববিদ্যালয়
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানালেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সস্মতিক্রমে আবেদন থেকে শুরু করে পূর্বঘোষিত সূচিতেই সব চলবে।
এদিকে আজ বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটে।
বিজ্ঞান ইউনিটে আবেদনে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০, পৃথকভাবে ৩ প্রয়োজন। চারুকলায় মোট ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। অন্য শাখা থেকে আবেদনকারীদের ক্ষেত্রে শর্ত ভিন্ন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের পর নতুন করে পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।
এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং মোট ৭ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য পৃথকভাবে ন্যূনতম ৩ এবং মোট জিপিএ ৬ দশমিক ৫০ প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই হচ্ছে। আজ বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত থাকা তিনজন ডিন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এবার এইচএসসি ও সমমানের এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় জিপিএ শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সুযোগ দিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ১২ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে। আগামী দুয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবেদন ২১ নভেম্বর শুরু এবং ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি হওয়ার কথা। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও যোগ্যতা শিথিল করা হবে না। গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেছিলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে হবে।
তিনি আরও বলেছিলেন, এইচএসসির পুনর্নিরীক্ষণ করে যারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা বুয়েটে আবেদন করতে পারবেন। এজন্য আমরা দেরিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) যারা অংশগ্রহণ করবেন, তারা অংশ নিতে পারার কথা না। কারণ তাদের নম্বর এমনিতেই কম থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেড় মাস পিছিয়েছে। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে নেওয়া হয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১০ নভেম্বর আবেদন শুরু হয়েছে। পরীক্ষা নির্ধারিত রয়েছে ৮ জানুয়ারি। কুয়েটে এবার যোগ্যতার কিছু শর্ত শিথিল করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে এবার কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। কুয়েটের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) ইউনিট ‘সি’ (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা হবে। আর ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) ও ‘এ’ (ইঞ্জিনিয়ারিং)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি (শনিবার)।
এর আগের সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এইউবি)। পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার) স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও শিডিউল এখনো বহাল রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।