রাফসান জামান রাফি © টিডিসি সম্পাদিত
উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফলাফলে জিপিএ ৩.২৫ পাওয়ার পর রাফসান জামান রাফির সামনে যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছিল উচ্চশিক্ষার দরজা। কারণ, যোগ্যতার শর্ত পূরণ না হওয়ায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সুযোগই ছিল না তার। তখন মনে হয়েছিল, উচ্চশিক্ষার স্বপ্ন বুঝি আর পূরণ হবে না। সবকিছু এখানেই থমকে যাবে। মাধ্যমিকে (এসএসসি) জিপিএ ৪.৪৪ পাওয়া রাফসানের সামনে তখন হতাশা আর অনিশ্চয়তা ছাড়া আর কিছুই ছিল না।
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের সৌদি প্রবাসী বাবা জাবেদ হোসেন ও গৃহিণী মা রোমানা খাতুনের প্রথম সন্তান রাফসান। তবে প্রতিকূল ফলাফলকে চূড়ান্ত পরিণতি হিসেবে মেনে নেননি তিনি। সীমিত সুযোগের মধ্যেই চালিয়ে গেছেন ভর্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি। মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ মিলেছিল তার। সেই কঠিন অধ্যবসায় ও লড়াইয়ের পর চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ হয়েছে রাফসানের।
২০২৫-২৬ সেশনের ১ম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় চবির ডি ইউনিটে ১৩৬৬তম এবং বি ইউনিটে ১০৩৮তম স্থান অর্জনের পাশাপাশি জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন রাফি। ভর্তি পরীক্ষায় নিজের সাফল্য, প্রস্তুতি ও নতুন ভর্তিচ্ছুদের জন্য কিছু টিপস নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের। তার কথাগুলো শুনেছেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুল্লাহ আল নাঈম।
আপনার সাফল্যের খবর পাওয়ার মুহূর্তটি কেমন ছিল? প্রথম কাকে জানিয়েছিলেন?
সময়টা ৮ জানুয়ারি, ২০২৬। শীতকাল। দিনটি আজও আমার ভীষণ মনে পড়ে। জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্তটি সেদিন আমার অনুভব করার সৌভাগ্য হয়েছিল। সেদিন খুব ভোরে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। এরপর ১০ জানুয়ারি আমার আরও একটি পরীক্ষা ছিল, তাই ঢাকায় যাচ্ছিলাম। পথিমধ্যেই আমার এক বন্ধু ফোন করে জানাল, আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। খবরটি শোনার পর থেকেই আমার হৃৎস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল।
আমরা তিন বন্ধু একসঙ্গে যাত্রা করছিলাম। কিন্তু কাকতালীয়ভাবে আমাদের কারও কাছেই স্মার্টফোন ছিল না। তার ওপর নিজের রোল নম্বরটিও জানা ছিল না আমার। ফলে উৎকণ্ঠা আরও বেড়ে গেল। অবশেষে আম্মুকে ফোন করে অ্যাডমিট কার্ড থেকে নিজের রোল নম্বরটি জেনে নিলাম এবং বন্ধুকে জানালাম।
এরপর শুরু হলো জীবনের দীর্ঘতম দুই মিনিটের অপেক্ষা। বন্ধুটি দুই মিনিট পর আমাকে ফোন করে ফলাফল জানাল। অথচ সেই দুই মিনিট আমার কাছে যেন অনন্তকাল মনে হচ্ছিল। মনে হচ্ছিল, নিজের হৃৎস্পন্দনের শব্দও স্পষ্ট শুনতে পাচ্ছি। ফলাফল শোনার পর বাসের মধ্যেই সিজদায় লুটিয়ে পড়লাম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। চোখে তখন আনন্দের অশ্রু, মনে এক অদ্ভুত প্রশান্তি।
সবার আগে আম্মুকে ফোন করে ফলাফলের খবরটি জানালাম। আব্বু তখন দেশের বাইরে অবস্থান করায় তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আব্বু নিজেই ফোন করলেন। ফলাফলের কথা শুনে আব্বু কান্নায় ভেঙে পড়লেন। আব্বুর সেই কান্না, আম্মুর আনন্দ আর নিজের বুকভরা প্রশান্তির মুহূর্তে মনে হয়েছিল—হ্যাঁ, আমি পেরেছি! ৮ জানুয়ারি, ২০২৬–আমার জীবনের স্মৃতির পাতায় লেখা থাকবে এক অবিস্মরণীয় ক্ষণ হিসেবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনি কতদিন আগে থেকে শুরু করেছিলেন এবং কীভাবে পরিকল্পনা করেছিলেন?
আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম। এইচএসসিতে থাকাকালীন পড়াশোনার সঙ্গে আমার তেমন একটা সম্পর্ক ছিল না। কারণ, বিজ্ঞান কখনোই আমাকে সেভাবে আকৃষ্ট করতে পারেনি। বরং সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস ইত্যাদি বিষয়ের প্রতি আমার আগ্রহ ছিল অনেক বেশি। এসব বিষয় পড়তেই আমার ভালো লাগত। এ কারণে কলেজের প্রতিটি পরীক্ষায় দুই-তিনটি বিষয়ে ফেল থাকত। ফলে তখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া তো দূরের কথা, অ্যাকাডেমিক পড়াশোনাও তেমন একটা করা হয়নি।
আমার এইচএসসি পরীক্ষার মাঝামাঝি সময়ে বারবার মাথায় একটি বিষয় ঘুরপাক খেত—আব্বু-আম্মু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, অনেক আশা করেন। অথচ তাদের সেই আশা অনুযায়ী আমি কিছুই করতে পারিনি। তাই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করলাম, জীবনের শেষ সুযোগটুকু যদি কাজে লাগাতে পারি!
পরীক্ষা শেষ হওয়ার পরপরই একটি কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম। পাশাপাশি কোচিংয়ের পড়াশোনার সঙ্গে নিজের প্রস্তুতিও চালিয়ে যেতে লাগলাম। মূলত সেই সময় থেকেই আমার ভর্তি পরীক্ষার প্রস্তুতির সূচনা।
প্রতিদিন গড়ে কত ঘণ্টা পড়াশোনা করতেন? আপনার পড়ার রুটিনটা কেমন ছিল?
আমি আসলে কখনোই ঘণ্টা হিসাব করে পড়াশোনা করিনি। যে প্রতিদিন এত ঘণ্টা পড়তে হবে। বরং আমি টপিক ধরে পড়তাম। নিজেকে লক্ষ্য দিতাম, আজকের মধ্যে এই টপিকটি শেষ করতেই হবে। আমি সবসময় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে পড়াশোনা করার চেষ্টা করতাম। রুটিন বলতে খাওয়া, ঘুম ও নামাজের সময়টুকু বাদ দিয়ে বাকি প্রায় সব সময়ই পড়াশোনায় ব্যয় করার চেষ্টা করতাম। তখন মোবাইল ফোন ও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে? সেটি কীভাবে মোকাবিলা করেছেন?
ভর্তি পরীক্ষায় বাংলা রচনা ও ইংরেজি ভোকাবুলারি অংশ আমার কাছে বেশ কঠিন মনে হয়েছিল। তাই এই অংশগুলোতে ভালো করার জন্য আমি বারবার রিভিশন দিতাম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতাম।
কোচিংয়ের পাশাপাশি নিজে পড়াশোনা করেছেন কি? আপনার প্রস্তুতিতে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কাজে দিয়েছে?
কোচিংয়ের পাশাপাশি আমি সবসময় নিজে পড়াশোনা করার চেষ্টা করেছি। কোচিংয়ের শিটগুলো অনুসরণ করতাম এবং প্রতিদিনের লেকচার অনুযায়ী পড়াগুলো গুছিয়ে রাখতাম। পাশাপাশি সেগুলো একবার করে রিভিশনও দিতাম। এ কারণে পড়াশোনার ক্ষেত্রে তেমন একটা চাপ অনুভব করিনি। মূলত আমি পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিলাম।
ভর্তি পরীক্ষার প্রশ্নে কোন ধরনের অংশে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়টি আমার কাছে সম্পূর্ণ নতুন একটি অংশ ছিল। তাই এই অংশের প্রস্তুতির জন্য আমি একটু বেশি সময় দিয়েছিলাম। সাধারণ জ্ঞান খুব দ্রুত ভুলে যেতাম, তাই নিয়মিত রিভিশন দিতাম। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বিগত বছরের চাকরির পরীক্ষাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের ওপর। আমার বিশ্বাস, এই অনুশীলন আমাকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে রেখেছিল।
পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা ও প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে আপনার কৌশল কী ছিল?
সময় ব্যবস্থাপনা শেখার জন্য আমি কোচিংয়ের পরীক্ষাগুলো সবসময় গুরুত্বের সঙ্গে দিতাম। এর ফলে মূল পরীক্ষার সময় ব্যবস্থাপনা নিয়ে আমার চাপ অনেকটাই কমে গিয়েছিল। প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়গুলো ভালো পারতাম, সেগুলোর উত্তর দিতাম। এরপর তুলনামূলক কম পারা অংশগুলোতে যেতাম, যাতে শুরুতেই ঘাবড়ে না যাই। যেসব প্রশ্নের উত্তর নিয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত থাকতাম, সেগুলো সঙ্গে সঙ্গেই দাগিয়ে দিতাম। যেসব প্রশ্ন একেবারেই নতুন মনে হতো, সেগুলো এড়িয়ে যেতাম। আর যেসব প্রশ্ন পরিচিত হলেও উত্তর নিয়ে কিছুটা দ্বিধা থাকত, সেগুলো চিহ্নিত করে রাখতাম এবং পরে আবার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম।
উত্তর করার ক্ষেত্রে আমি একটি বিশেষ কৌশল অবলম্বন করতাম। সেটি হলো, প্রথমে ভুল অপশনগুলো শনাক্ত করে একে একে বাদ দেওয়া। এর মাধ্যমে সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করতাম।
প্রস্তুতির সময় কখনো হতাশা বা আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল? হলে কীভাবে নিজেকে সামলে নিয়েছেন?
প্রস্তুতির পুরোটা সময় হতাশা যেন আমার নিত্যসঙ্গী ছিল। কোচিংয়ে অন্যদের শিক্ষকদের সঙ্গে ভালোভাবে উত্তর দিতে দেখলে আমি হতাশ হয়ে যেতাম। মনে হতো, আমার দ্বারা হয়তো হবে না; সবাই আমার চেয়ে অনেক ভালো করছে। সেই কঠিন সময়ে পাশে পেয়েছিলাম রেদোয়ান ভাইকে। ভাই আমাকে বলতেন, “তুমি পারবে, রাফসান। ধারাবাহিকতা ধরে রাখো। তুমি সবার চেয়ে ভালো করবে।” ভাইয়ের কথাগুলোই আমাকে বারবার মনোবল ফিরে পেতে সাহায্য করত।
১৬ অক্টোবর, এইচএসসির ফলাফল প্রকাশের পর আমি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলাম। তখন মনে হচ্ছিল, আমার সামনে সব পথ যেন বন্ধ হয়ে গেছে। কারণ, আমার জিপিএ ছিল ৩.২৫। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের যোগ্যতার শর্ত অনুযায়ী, এই জিপিএ নিয়ে আমি কোনো বিশ্ববিদ্যালয়েই আবেদন করতে পারছিলাম না। তখন আমার কাছে সবকিছুই অন্ধকার মনে হচ্ছিল।
সেই কঠিন সময়ে আব্বু-আম্মু আমাকে অনেক সাহস ও সমর্থন জুগিয়েছেন। আম্মু বলতেন, ‘কিছু হারানোর মধ্যেও জিতে যাওয়া যায়। আশা হারিয়ো না।’ আব্বু বলতেন, ‘তুমি চেষ্টা করেছ, এতেই আমরা খুশি।’ অন্যদিকে, রেদোয়ান ভাই বলতেন, ‘তুমি চেষ্টা করে যেতে থাক। ঠিকই দেখবে, একদিন একটা পথ খুঁজে পাবে, ইনশাআল্লাহ।’
এতকিছুর পরও মনের মধ্যে একটা কালো দাগ রয়ে গিয়েছিল। প্রায় সব সময়ই মন খারাপ থাকত। কিছুদিন পর যখন জানতে পারলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য জিপিএর শর্ত শিথিল করা হয়েছে, তখন যেন নিজেকে আবার নতুন করে ফিরে পেলাম। আবার আগের মতো প্রস্তুতি নিতে শুরু করলাম।
কিন্তু পরীক্ষার শেষ সপ্তাহে এসে আবারও নানা ধরনের ভয় আমাকে ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল, আমি আদৌ পারব তো? অনেক সময় হাল ছেড়ে দিতেও ইচ্ছা করত। আব্বু-আম্মুকে বলতাম, ‘আমার মনে হয়, আমি পারব না।’ তখন তারা বলতেন, ‘তুমি চেষ্টা করে যাও, বাকিটা আল্লাহর ওপর ভরসা রাখো। ভয় পেয়ো না।’ তাদের এই কথাগুলোই আমাকে আবার নতুন করে সাহস জুগিয়েছিল।
আপনার সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক বা বন্ধুদের ভূমিকা কতটা ছিল?
ফলাফল প্রকাশের পর যে সময়টা আমি পার করেছি, তা আসলে আমার জীবনের অত্যন্ত সংকটময় একটি সময় ছিল। সেই সময়ে আমি অনেক মানুষকে পাশে পেয়েছি। তারা পাশে না থাকলে হয়তো আজকের এই অবস্থানে আসা আমার পক্ষে সম্ভব হতো না। আমার আব্বু-আম্মু এবং মামা সবসময় আমাকে উৎসাহ দিতেন। তারা বলতেন, ‘ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। তুমি চিন্তা করো না।’ রেদোয়ান ভাইও নিয়মিত আমার সঙ্গে সময় কাটাতেন। পড়াশোনার বাইরেও নানা বিষয়ে কথা বলে আমার মন ভালো রাখার চেষ্টা করতেন।
বন্ধুদের মধ্যেও সেই সময়ে হাতেগোনা কয়েকজনকে পাশে পেয়েছিলাম। মাহিন, তাহমিদ, ইয়াসিন ও নাহিন—তারা সবসময় আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছে। এই কঠিন সময়ে পাশে পেয়েছিলাম আমার কোচিংয়ের বড় ভাইদের, বিশেষ করে তানভীর ভাই ও শিবলু ভাইকে। তারা আমাকে অফিসরুমে নিয়ে গিয়ে বোঝাতেন, সাহস দিতেন এবং বলতেন, ‘রাফসান, তুমি পারবে।’
আমার এই সাফল্যের পেছনে মানুষগুলোর অবদান অনেক। তাদের সবার সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন ছাড়া হয়তো আজকের এই অবস্থানে আসতে পারতাম না। তাদের সহযোগিতা না পেলে আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেত। তাই এই পথচলায় যারা আমার পাশে ছিলেন, যারা আমাকে সাহস দিয়েছেন এবং কঠিন সময়ে ভেঙে পড়তে দেননি, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এই বিশ্ববিদ্যালয় বা বিভাগকে পছন্দ করার বিশেষ কারণ কী?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর ক্যাম্পাস। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং র্যাগিংমুক্ত ক্যাম্পাসের পরিবেশ আমাকে বরাবরই আকৃষ্ট করেছে। ছোটবেলা থেকেই রাজনীতি নিয়ে পড়াশোনা করার এবং রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান ও ধারণা অর্জনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহের জায়গা থেকেই নিজের পছন্দের ক্যাম্পাস এবং প্রিয় বিষয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজনীতি বিজ্ঞানকে বেছে নিয়েছি।
যারা আগামী বছর ভর্তি পরীক্ষায় অংশ নেবে, তাদের প্রস্তুতি নিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কী?
যেহেতু এ বছর অনেকেরই ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, বিশেষ করে যাদের জিপিএ কম এসেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই—তোমরা চিন্তা করো না। নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাও, ভেঙে পড়ো না। পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখো। মনে রেখো, আজকের খারাপ ফলাফলই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় না। ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। দেখবে, একসময় তুমিও অন্যদের চেয়ে এগিয়ে থাকবে।
একজন ভর্তি পরীক্ষার্থীকে আপনি যদি মাত্র তিনটি বিষয় মেনে চলার পরামর্শ দেন, সেগুলো কী হবে?
আমার পক্ষ থেকে তাদের জন্য তিনটি পরামর্শ থাকবে—
প্রথমত, নিজে নিজে প্রশ্ন সমাধান করতে হবে। অন্যের ওপর নির্ভর না করে নিজের দক্ষতা ও চিন্তাশক্তি কাজে লাগিয়ে প্রশ্ন সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করতে হবে।
তৃতীয়ত, বারবার রিভিশন দিতে হবে। পড়া বিষয়গুলো নিয়মিত পুনরাবৃত্তি করতে হবে, যেন পরীক্ষার আগে সবকিছু ভালোভাবে মনে থাকে।