ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষায়। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ১২০টি আসনের গতকাল বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৪ জনের বেশি পরীক্ষার্থী। এমন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় ভালো ফল করতে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান থাকলেই হবে না, প্রয়োজন প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা, নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা।
আইবিএর ভর্তি পরীক্ষা তুলনামূলক কঠিন হলেও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে ভালো ফল করা সম্ভব। বিশেষ করে গণিত, ইংরেজি ও অ্যানালিটিকাল অংশে দক্ষতা বাড়ানোর পাশাপাশি লিখিত ইংরেজিতে ভালো করার প্রস্তুতিও নিতে হবে। ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও পরীক্ষার হলের কৌশল সম্পর্কে আগেভাগেই ধারণা রাখা জরুরি।
পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষা সাধারণত দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়—লিখিত ও মৌখিক। লিখিত পরীক্ষায় রয়েছে নৈর্ব্যক্তিক ও লিখিত ইংরেজি অংশ। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এতে তিনটি অংশ থাকে- ইংরেজি, গণিত ও অ্যানালিটিকাল। ইংরেজিতে ৩০ নম্বর, গণিতে ৩০ থেকে ৩৫ নম্বর এবং অ্যানালিটিকালে ১৫ থেকে ২০ নম্বর থাকতে পারে। তবে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রতিবছর পরিবর্তিত হতে পারে।
এরপর আধা ঘণ্টার লিখিত ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যায়। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হয়। অর্থাৎ গণিতে ভালো নম্বর পেয়েও ইংরেজি কিংবা অ্যানালিটিকাল অংশে পাস করতে না পারলে উত্তীর্ণ হওয়া যাবে না। তাই কোনো একটি বিষয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য অংশগুলো অবহেলা করা যাবে না। প্রস্তুতির সময় প্রতিটি অংশে অন্তত ৬০ শতাংশ নম্বর পাওয়ার লক্ষ্য রাখা যেতে পারে। তবে প্রশ্নের কঠিন বা সহজ হওয়ার ওপর পাস নম্বরের পরিবর্তন হতে পারে।
গণিতে যেভাবে প্রস্তুতি নেবেন
আইবিএ ভর্তি পরীক্ষার গণিত অংশে ভালো করতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। এ ক্ষেত্রে মেন্টরসের ম্যাথ প্রশ্নব্যাংক অনুসরণ করা যেতে পারে। পাশাপাশি GRE/GMAT Nova Math Bible থেকে বিভিন্ন অধ্যায়ের অঙ্ক অনুশীলন করলে প্রস্তুতি আরও ভালো হবে। বিশেষ করে জ্যামিতি ও সমীকরণের মতো বিষয়গুলোতে দক্ষতা বাড়াতে হবে।
যেসব অঙ্ক সমাধান করতে গিয়ে ভুল হচ্ছে, সেগুলো আলাদা করে বারবার অনুশীলন করা জরুরি। পাশাপাশি স্টপওয়াচ ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে অঙ্ক সমাধানের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে পরীক্ষার হলে কোন ধরনের অঙ্কে কত সময় লাগতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রস্তুতির সময় শুধু অঙ্কের সমাধান মুখস্থ না করে কোন পদ্ধতিতে দ্রুত সমাধানে পৌঁছানো যায়, সেটি বোঝার চেষ্টা করতে হবে। প্রশ্নব্যাংকের সব অঙ্ক আলাদা ধরনের নয়। একই অধ্যায়ে কাছাকাছি ধরনের অনেক প্রশ্ন থাকে। তাই প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করলে কম সময়ে বেশি প্রস্তুতি নেওয়া সম্ভব।
পরীক্ষার হলে সব অঙ্ক সমাধান করার চেষ্টা করা ঠিক হবে না। যেসব অঙ্ক তুলনামূলক কঠিন কিংবা বেশি সময়সাপেক্ষ, সেগুলো পরে সমাধানের জন্য রাখা যেতে পারে। সহজ ও পরিচিত অঙ্কগুলো আগে শেষ করলে সময়ের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে।
ইংরেজিতে বাড়তি গুরুত্ব দিন
আইবিএ ভর্তি পরীক্ষায় ইংরেজি গুরুত্বপূর্ণ একটি অংশ। এ অংশে ভালো করতে গ্রামার, ভোকাবুলারি ও রিডিং কমপ্রিহেনশনের ওপর জোর দিতে হবে।
প্রস্তুতির জন্য Cliffs TOEFL Grammar এবং WordSmart বই অনুসরণ করা যেতে পারে। পাশাপাশি নিয়মিত ইংরেজি গ্রামারের অনুশীলন করতে হবে। শুধু নিয়ম পড়লেই হবে না, সেগুলো প্রশ্নের মধ্যে কীভাবে প্রয়োগ করতে হয়, তা বুঝতে হবে।
ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রতিদিন নতুন শব্দ শেখা, বাক্য গঠন এবং ছোট ছোট অনুচ্ছেদ পড়ে মূল বক্তব্য বোঝার অনুশীলন করা যেতে পারে। লিখিত ইংরেজি অংশের জন্যও নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে।
বিশেষ করে কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের বক্তব্য যুক্তিসংগতভাবে উপস্থাপন করার চর্চা করতে হবে। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে ছোট অনুচ্ছেদ লেখার অনুশীলন লিখিত পরীক্ষায় কাজে আসতে পারে।
অ্যানালিটিকালে এগিয়ে থাকার কৌশল
আইবিএ ভর্তি পরীক্ষার অ্যানালিটিকাল অংশে সাধারণত পাজল সলভিং, ক্রিটিক্যাল রিজনিং ও ডেটা ইফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে। পরিকল্পিতভাবে অনুশীলন করতে পারলে এ অংশে ভালো নম্বর তোলার সুযোগ রয়েছে।
পাজল সলভিংয়ের জন্য GRE Big Book গুরুত্বপূর্ণ একটি অনুশীলন-উৎস। বইটিতে ৩০০টির বেশি পাজল রয়েছে। নিয়মিত এসব পাজল সমাধানের চেষ্টা করতে হবে। কোনো পাজল বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সমাধান খুঁজে ধারণা নেওয়া যেতে পারে। তবে শুধু সমাধান দেখে শেষ না করে নিজে আবার সমাধান করার চেষ্টা করতে হবে।
ডেটা ইফিসিয়েন্সির জন্য GMAT Guide ও GMAT Review থেকে অনুশীলন করা যেতে পারে। পাশাপাশি GMAT Club-এর অনলাইন লেসন ও প্রশ্নগুলোও কাজে আসতে পারে। এ অংশে প্রতিটি অঙ্ক সম্পূর্ণ সমাধান করার চেয়ে প্রশ্নটি সমাধানের জন্য কোন তথ্য প্রয়োজন এবং দেওয়া তথ্য দিয়ে উত্তর নির্ণয় করা সম্ভব কি না, তা দ্রুত বোঝার দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ক্রিটিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো অনেকটা রিডিং কমপ্রিহেনশনের মতো। তবে প্রশ্ন ও অনুচ্ছেদ তুলনামূলক ছোট হয়। GMAT Guide, GMAT Review এবং GMAT Club থেকে নিয়মিত অনুশীলন করলে প্রশ্নের ধরন ও যুক্তি বিশ্লেষণের দক্ষতা বাড়বে।
সময় ব্যবস্থাপনায় সতর্কতা
আইবিএ ভর্তি পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈর্ব্যক্তিক পরীক্ষার ৯০ মিনিটে তিনটি অংশের উত্তর দিতে হয়। তাই কোনো একটি অংশে অতিরিক্ত সময় ব্যয় করলে অন্য অংশের প্রশ্ন অসম্পূর্ণ থেকে যেতে পারে।
অ্যানালিটিকাল অংশের জন্য সর্বোচ্চ ২০ মিনিট রাখার কৌশল অনুসরণ করা যেতে পারে। এ অংশের প্রশ্ন তুলনামূলক দ্রুত সমাধান করার চেষ্টা করতে হবে। পাজল সলভিংয়ে একাধিক প্রশ্ন থাকলে যেটি সহজ, সেটি আগে সমাধান করে কঠিনটি পরে রাখা যেতে পারে।
আরও পড়ুন: এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনের যোগ্যতা দেখুন
কোন অংশ আগে সমাধান করবেন, সেটি নিজের প্রস্তুতি ও দক্ষতা অনুযায়ী ঠিক করা উচিত। কেউ গণিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলে গণিত দিয়ে শুরু করতে পারেন। আবার কেউ ইংরেজিতে ভালো হলে সেটি আগে সমাধান করতে পারেন। তবে কোনো একটি অংশে বেশি সময় দিয়ে অন্য অংশে পাস নম্বর তোলার সুযোগ নষ্ট করা যাবে না।
মডেল টেস্ট ও শেষ মুহূর্তের প্রস্তুতি
পরীক্ষার আগে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার দক্ষতা তৈরি হবে।
মডেল টেস্ট দেওয়ার পর শুধু প্রাপ্ত নম্বর দেখলেই হবে না। কোন প্রশ্নে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে এবং কোন অংশে বেশি সময় ব্যয় হয়েছে, সেগুলো বিশ্লেষণ করতে হবে। ভুল হওয়া প্রশ্নগুলো আবার সমাধান করলে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি কমবে।
পরীক্ষার আগের সাত দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময়ে নিয়মিত মক টেস্ট দেওয়ার পাশাপাশি দুর্বল বিষয়গুলোতে অনুশীলন বাড়াতে হবে। নতুন বিষয় শেখার চেয়ে আগে পড়া বিষয়গুলো ঝালিয়ে নেওয়া বেশি কার্যকর হতে পারে।
লিখিত ইংরেজির জন্য সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখার অনুশীলন করতে হবে। আশপাশের সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু সম্পর্কে ধারণা রাখাও কাজে আসতে পারে।
পরীক্ষার হলে যেসব বিষয় মাথায় রাখবেন
ভর্তি পরীক্ষার হলে নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় প্রশ্ন সমাধান করতে হবে। প্রশ্ন কঠিন হলে ঘাবড়ে যাওয়া যাবে না। মনে রাখতে হবে, যে প্রশ্ন নিজের কাছে কঠিন মনে হচ্ছে, সেটি অন্য পরীক্ষার্থীদের কাছেও কঠিন হতে পারে।
নেগেটিভ মার্কিং থাকায় উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে একেবারেই নিশ্চিত না হলে অনুমাননির্ভর উত্তর দেওয়ার আগে ঝুঁকির বিষয়টি বিবেচনা করতে হবে। আবার অতিরিক্ত সতর্ক হতে গিয়ে খুব কম প্রশ্নের উত্তর দেওয়াও ঠিক হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিটি অংশে পাস করার মতো নম্বর নিশ্চিত করার চেষ্টা করা। কোনো একটি অংশে বেশি নম্বর পাওয়ার আশায় অন্য অংশকে অবহেলা করা যাবে না।
আইবিএ ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য দীর্ঘ সময় পড়াশোনার পাশাপাশি ধারাবাহিকতা, প্রশ্নের ধরন বোঝা, দ্রুত সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই পরিকল্পনা করে প্রস্তুতি নিলে প্রতিযোগিতাপূর্ণ এ ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার সুযোগ তৈরি হবে।