আন্তর্জাতিক শিক্ষার্থী © সংগৃহীত
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ নামের এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭।
ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ধারণা করা হয়, দ্বাদশ শতাব্দীর শেষ দিকে অথবা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বর্তমানে এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।
সুযোগ-সুবিধা: পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি পাবেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ভাতা দেওয়া হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নেটওয়ার্কিং ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও রয়েছে।
আবেদনের যোগ্যতা: এ বৃত্তিতে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে। পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় এবং পেশাগত লক্ষ্যের সঙ্গে বৃত্তির উদ্দেশ্যের সুস্পষ্ট মিল থাকতে হবে।
আরও দেখুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। এ ছাড়া জীবনবৃত্তান্ত (সিভি) এবং How do you intend to change the world... শীর্ষক ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে।
অধ্যয়নের ক্ষেত্র: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৮০টির বেশি মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে। এসব কোর্স বিভিন্ন বিষয়ের ওপর পাঠদান ও গবেষণাভিত্তিক। এর মধ্যে মাস্টার অব সায়েন্স (এমএসসি) উল্লেখযোগ্য। সাধারণত এ ডিগ্রির কোর্সের মেয়াদ এক বছর এবং পাঠদান শ্রেণিকক্ষভিত্তিক।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ প্রকাশ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।
আবেদন ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।