অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২ বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ টিউশন ফি মওকুফে পড়াশোনার সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ নির্ধারিত দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
আবেদন শেষ: ১৫ জানুয়ারি, ২০২৭।
সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। দুই বছর মেয়াদি এ প্রোগ্রাম চার সেমিস্টারে সম্পন্ন করা যাবে।
আরও দেখুন: তাইওয়ানে পিএইচডি স্কলারশিপ, নেই আবেদন ফি
আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ, মোটিভেশন লেটার এবং রিকমেন্ডেশন লেটার জমা দিতে হবে। এ ছাড়া প্রকল্পের পোর্টফোলিও এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) প্রয়োজন হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও বিস্তারিত তথ্য জানা যাবে চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইটে।