চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ © ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর তারা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল শুরুর চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ওই এলাকায় আগে থেকেই পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মিছিলটি শুরু হওয়ামাত্রই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়লে ওই এলাকা ঘেরাও করে বেশ কয়েকজনকে আটক করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে পুলিশের আগাম অবস্থান থাকায় তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।