পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীর শাস্তি

২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক ও দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার। এর মধ্যে একজনের দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অ্যাকাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীর দুই বছরের এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট-অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম ও সর্বশেষ সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল প্রশাসন।

সাভারে যাত্রীবাহী বাসে আগুন
  • ২৭ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষা…
  • ২৭ নভেম্বর ২০২৬
তাইওয়ানে পিএইচডি স্কলারশিপ, নেই আবেদন ফি
  • ২৭ নভেম্বর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সু…
  • ২৭ নভেম্বর ২০২৬
এবার ডেঙ্গুতে আক্রান্ত পেসার নাহিদ রানা
  • ২৭ নভেম্বর ২০২৬
বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর
  • ২৭ নভেম্বর ২০২৬