আমতলা-প্যারিস রোডের স্মৃতি নিয়ে রাবির সাংবাদিকতা বিভাগে আসছেন সালাহউদ্দিন সুমন

২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ PM
কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন, মুন্সি এনায়েত ও স্টার নিউজের নির্বাহী প্রযোজক রাফিউল ইসলাম

কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন, মুন্সি এনায়েত ও স্টার নিউজের নির্বাহী প্রযোজক রাফিউল ইসলাম © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিবিজড়িত আমতলা আর প্যারিস রোডে আবারও ফিরছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের পেশাগত অভিজ্ঞতা ভাগ করে নিতে আগামী ৫ ডিসেম্বর ক্যাম্পাসে আসছেন তিনি। এ আয়োজনে তার সঙ্গে থাকবেন বিভাগের আরও দুই প্রাক্তন শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটর মুন্সি এনায়েত ও স্টার নিউজের নির্বাহী প্রযোজক রাফিউল ইসলাম।

‘স্পেশাল টক বাই আওয়ার থ্রি ডিস্টিংগুইশড অ্যালামনাই’ শীর্ষক এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সালাহউদ্দিন সুমন এক ফেসবুক পোস্টে জানান, তারা তিনজনই এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। এ বিভাগ থেকেই সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক পাঠ নিয়েছেন তারা। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিজেদের আন্তরিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

পোস্টে সুমন লেখেন, ‘আমাদের গুরুজনদের সামনে কিছু বলার যোগ্যতা হয়নি এখনো অন্তত আমার। তারপরও তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আর সারাজীবনে সঞ্চিত স্বল্পকিছু অভিজ্ঞতা শেয়ার করতেই যাচ্ছি।’

ক্যাম্পাসে ফিরে আমতলায় বসে খিচুড়ি খাওয়া এবং প্যারিস রোডে হাঁটার সুযোগ হবে ভেবেও আনন্দ প্রকাশ করেন তিনি। লেখেন, ‘ভাবতেই ভালো লাগছে আমতলায় বসে আলুভর্তা আর পিঁয়াজু দিয়ে খিচুড়ি খাওয়ার সুযোগ হবে। সুযোগ হবে প্যারিস রোডে হাঁটার।’

সহযোগী দুই অতিথির পরিচয় তুলে ধরে সুমন জানান, মুন্সি এনায়েত গ্রামবাংলার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে রাফিউল ইসলামের সঙ্গে সময় টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। টেলিভিশন নিউজ প্রোডাকশনে রাফিউলকে দেশের অন্যতম সেরা প্রযোজক হিসেবেও উল্লেখ করেন সুমন।

অনুষ্ঠানে তিনজন সম্মিলিতভাবে কনটেন্ট ক্রিয়েশন, প্রেজেন্টেশন ও প্রোডাকশন নিয়ে আলোচনা করবেন। আগ্রহীদের এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সালাহউদ্দিন সুমন।

এমন উদ্যোগ নেওয়ায় বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ বকুলসহ সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) বলেন, একাডেমিক ব্যস্ততার ফাঁকে ফাঁকে দেড় বছর ধরে আমাদের শিডিউল মেলাতে মেলাতে অবশেষে আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী ভীষণ জনপ্রিয় ইউটিউবার (ভ্লগার) সালাহউদ্দিন সুমন আসছেন নিজ বিভাগে তার অভিজ্ঞতা বিনিময় করতে। সাথে আসছেন আমাদের আরেক অ্যালামনাস সফল ইউটিউবার ও ভ্লগার মুন্সী এনায়েত। সাথে আরো বাড়তি পাওনা আমাদের বিভাগের আরেক অ্যালামনাস টেলিভিশনের গুণি প্রডিউসার রাফিউল ইসলাম। 

তিনি জানান, আমাদের শিক্ষার্থীদের জন্য আরো বাড়তি আকর্ষণ হিসেবে সাথে থাকবে সুমন-এনায়েতের মাধ্যমে হাতে-কলমে ইউটিউবের কনটেন্ট ক্রিয়েশনের প্রশিক্ষণ। অনুষ্ঠানটি আমাদের সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত।

আমতলা-প্যারিস রোডের স্মৃতি নিয়ে রাবির সাংবাদিকতা বিভাগে আসছ…
  • ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশে আসছেন জনপ্রিয় গেমার আইশোস্পিড
  • ২৭ নভেম্বর ২০২৬
ব্রাঞ্চ ম্যানেজারসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে এসবিএসি ব্য…
  • ২৭ নভেম্বর ২০২৬
রাজশাহী বিভাগের বন্ধুরা, আগামীকাল থাকছি—দেখা হবে
  • ২৭ নভেম্বর ২০২৬
নৌকাবাইচের উত্তেজনা ফ্রেমবন্দি করে জাতীয় পর্যায়ে প্রথম তিতু…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে উদ্‌যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চ…
  • ২৭ নভেম্বর ২০২৬