তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭ শিক্ষাবর্ষে পিএইচডি গবেষণা প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে তাইওয়ান। তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ (টিআইজিপি)-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। তবে চীন, তাইওয়ান ও হংকংয়ের নাগরিকরা এ সুযোগের আওতাভুক্ত নন।
অ্যাকাডেমিয়া সিনিকা ও তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পিএইচডি করার সুযোগ রয়েছে। বিশেষ সুবিধা হলো, এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
১৪টি গবেষণাক্ষেত্রে সুযোগ: ২০২৭ শিক্ষাবর্ষের টিআইজিপি বৃত্তিতে মোট ১৪টি সাবপ্রোগ্রাম রয়েছে। একজন আবেদনকারী কেবল একটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এসব প্রোগ্রামের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ বিভিন্ন অগ্রগামী বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
আবেদন শেষ: ১ ফেব্রুয়ারি, ২০২৭।
সুযোগ-সুবিধা: এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ভাতা পাবেন। প্রথম বছরের ফলাফলের ভিত্তিতে আরও এক বছর এ ভাতা বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া আবেদন ও রেজিস্ট্রেশন ফি ছাড়াই তাইওয়ানের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আবেদনের যোগ্যতা: আবেদন করতে হলে প্রার্থীকে চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত বিশ্বের যেকোনো দেশের নাগরিক হতে হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমের দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত না হলে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সনদ এবং ইংরেজিতে প্রস্তুত করা ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, তিনটি সুপারিশপত্র, জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব পারপাস এবং থিসিসের সারসংক্ষেপ প্রয়োজন হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য জানা যাবে তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের ওয়েবসাইটে।