সাংবাদিকদের মেধাবী সন্তানকে বৃত্তি দেবে সরকার, আবেদন আহবান

২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ AM
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট © সংগৃহীত

অসচ্ছল ও মৃত সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও আর্থিক মঞ্জুরি দিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্ন মাধ্যমিক থেকে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ২০২৭ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ‘অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকদের মেধাবী সন্তানদের মঞ্জুরি ও বৃত্তি প্রদান নির্দেশিকা-২০২৩’ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ধনী বা সচ্ছল সাংবাদিকদের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী সাংবাদিককে সাংবাদিকতা পেশায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। শিক্ষার্থীর বয়স জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২৫ বছরের কম হতে হবে।

সাংবাদিকতা পেশায় নিয়োজিত পিতা বা মাতা মৃত্যুবরণ করলে শিক্ষার্থীর বৈধ অভিভাবক অথবা শিক্ষার্থী নিজে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর এবং স্নাতক বা সমমান পর্যায়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পাওয়ার প্রমাণ থাকতে হবে। ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে
আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সাংবাদিকতার পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র এবং সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর কাজ করার সনদ বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মৃত্যুবরণকারী সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের মৃত্যুসনদের কপি, আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

শিক্ষার্থীর মূল নম্বরপত্রের (মার্কশিট) ফটোকপি প্রতিষ্ঠানপ্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। পাশাপাশি সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও সংযুক্ত করতে হবে।

আবেদন যেভাবে করবেন
আবেদনকারীকে নিজ হাতে নির্ধারিত ফরম পূরণ করে পূর্ণ নামসহ স্বাক্ষর করতে হবে। আবেদন ফরমের সুপারিশ অংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল থাকতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট www.bjwt.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।

শিক্ষার জন্য মঞ্জুরি ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে মারা যাচ্ছেন ১ লাখ…
  • ২৬ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের মেধাবী সন্তানকে বৃত্তি দেবে সরকার, আবেদন আহবান
  • ২৬ নভেম্বর ২০২৬
৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি সুকুকের নিলাম ১ ডিস…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাতভর প্রেসক্লাবে অনশনরত নারী শিক্ষকদের অবস্থান
  • ২৬ নভেম্বর ২০২৬