গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
ছাত্রদল নেতা সাব্বির খান

ছাত্রদল নেতা সাব্বির খান © সংগৃহীত

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতা সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

সাব্বিরের অভিযোগ, ইমাদ পরিবহনের একটি বাসে করে যাওয়ার পথে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ও ব্যাতগ্রাম এলাকার কাছাকাছি পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে বাস থেকে নামিয়ে নেন। পরে তার মুঠোফোন তল্লাশি করে ছাত্রদলের বিভিন্ন পোস্ট ও সাংগঠনিক পরিচয় দেখতে পান তারা। এ সময় ছাত্রদল করার অভিযোগে তাকে মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তার ভাষ্য, লাঠিসোঁটা নিয়ে প্রায় ২০ জনের একটি দল তাকে ঘিরে রাখে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

একপর্যায়ে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে পিরোজপুরে পৌঁছান সাব্বির। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের সিএ অফিস এলাকায় পৌঁছালে জেলা ছাত্রদলের নেতারা তাকে উদ্ধার করেন। পরে তারা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেখানে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের খোঁজ নিয়েছেন। তারা তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেলা ছাত্রদলকে প্রস্তুত থাকার নির্দেশ দেন বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। ওই ছাত্রদল নেতার বক্তব্য জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাবিতে উদ্‌যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
কর্মকর্তা মারধরের ঘটনায় বেরোবিতে ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সা…
  • ২৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন
  • ২৭ নভেম্বর ২০২৬
যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছ…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির আবেদনের বাকি একদিন, সবচেয়ে বেশি প্রতিযোগিতা য…
  • ২৭ নভেম্বর ২০২৬