কার্ড হাতে প্রতারণার শিকার নারীরা © সংগৃহীত
চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল নম্বর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এসব তথ্য ব্যবহার করে তাদের অজান্তে রকেট, নগদ ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিপাকে পড়ছেন শতাধিক নারী।
এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, নিজেদের নামে আগে থেকেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকায় ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট করতে পারছেন না তারা।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে তিন ব্যক্তি উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারীদের জানান, দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বড় বড় চিকিৎসক আসবেন। সেখানে চিকিৎসা নিলে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ সুবিধা পেতে একটি রেজিস্ট্রেশন কার্ড করতে হবে বলে জানান তারা।
কার্ড তৈরির কথা বলে নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল নম্বর, ব্যক্তিগত তথ্য এবং মোবাইল ফোনে আসা বিভিন্ন কোড সংগ্রহ করা হয়। এ ছাড়া কারও কারও মুখ, চোখ ও কানের ভিডিও নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে এসব তথ্য ব্যবহার করে তাদের নামে রকেট, নগদ ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি তাদের।
প্রতারণার শিকার আফিরন খাতুন বলেন, তিন ব্যক্তি বাড়িতে এসে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এবং তাদের কাছে চিকিৎসা নিতে হলে একটি কার্ড করতে হবে বলে জানান তারা। কার্ড তৈরির জন্য মোবাইলে আসা কোড, জাতীয় পরিচয়পত্র, ছবি এবং মুখ, চোখ ও কানের ভিডিও প্রয়োজন বলে এসব তথ্য নেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে তারা তথ্য দিয়ে দেন। এখন ফ্যামিলি কার্ডের জন্য বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আগে থেকেই অ্যাকাউন্ট খোলা রয়েছে বলে জানানো হচ্ছে।
আরেক ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে দোকান থেকে জানানো হয়, তার নামে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে। অথচ তিনি নিজে কোনো অ্যাকাউন্ট খোলেননি। পরে বাড়িতে আসা ওই তিন ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে সন্দেহ করেন তিনি।
সেলিনা বেগম আরও বলেন, বিষয়টি নিয়ে ক্লিনিকে যোগাযোগ করলে তারা প্রতারণার বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে এখনো সমস্যার সমাধান হয়নি। তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা অ্যাকাউন্টের মাধ্যমে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে তারা আইনি ঝামেলায় পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এই ভুক্তভোগী।
ভুক্তভোগীদের হাতে থাকা কার্ডে দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের নাম ও যোগাযোগের নম্বর পাওয়া গেছে। কার্ডগুলোতে রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবার প্রচারও রয়েছে।
চিকিৎসা কার্ডে থাকা নম্বরে আতিকুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, এ বিষয়ে প্রতিদিন একাধিক অভিযোগ তার কাছে আসছে। খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, পরিচিত এক ব্যক্তি তার নাম ভাঙিয়ে এসব করেছেন। অভিযোগ নিয়ে যারা তার কাছে আসছেন, তাদের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দিলে সমস্যার সমাধান হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ায় তিনি দর্শনা থানায় যোগাযোগ করেছেন এবং একটি লিখিত অভিযোগ তৈরি করেছেন। আগামীকাল সেটি জমা দেবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’