শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন, ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সি নারী

২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ PM
অংশগ্রহণকারী নারীরা

অংশগ্রহণকারী নারীরা © সংগৃহীত

নারীর সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার নারী ম্যারাথন। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ কিলোমিটার দৌড় শেষে অংশগ্রহণকারীরা ডিসি উদ্যানে পৌঁছান।

ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশের অনন্য সুযোগ। অনেকের কাছেই এমন আয়োজনে অংশ নেওয়া ছিল প্রথম অভিজ্ঞতা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন হলে নারীরা শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে আরও সচেতন হবেন এবং খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবেন।

একজন অংশগ্রহণকারী বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও দৌড় শুরু করার পর তা কেটে যায়। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই।’

অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পান, সে লক্ষ্যেই শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

জেলা প্রশাসনের এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, নারীদের নিয়ে এমন উদ্যোগ তাঁদের ঘরের বাইরে এসে খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করবে। পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত শেরপুরের প্রথম নারী ম্যারাথন নারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতায় জেলার নারী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

নৌকাবাইচের উত্তেজনা ফ্রেমবন্দি করে জাতীয় পর্যায়ে প্রথম তিতু…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে উদ্‌যাপিত হলো ৫৬তম ম্যানেজমেন্ট ডে, চ্যাম্পিয়ন টিম চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
কর্মকর্তা মারধরের ঘটনায় বেরোবিতে ৪ বিএনপিপন্থী কর্মকর্তা সা…
  • ২৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন
  • ২৭ নভেম্বর ২০২৬
যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছ…
  • ২৭ নভেম্বর ২০২৬