জেলায় প্রথম হয়ে পুলিশে, পুরোদমে পোশাক পরার আগেই ক্যানসারে পরিবারের হাল ধরার স্বপ্নও ফিকে হাসানের

২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ PM
 খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান।

খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। © সংগৃহীত

শেরপুর জেলায় প্রথম হয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। স্বপ্ন ছিল চাকরিতে যোগ দিয়ে পরিবারের আর্থিক সংকট দূর করবেন, বাবা-মায়ের পাশে দাঁড়াবেন। ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মস্থলেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু পুরোদমে পুলিশের পোশাকে দায়িত্ব পালনের স্বপ্ন পূরণের আগেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হন হাসান। এখন উন্নত কেমোথেরাপি ও বোনম্যারো প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৬০ থেকে ৭০ লাখ টাকা। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তাঁর বাবা খ.আ.ন.ম. ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.৮৩ পেয়ে এইচএসসি পাস করেন তিনি। পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেন হাসান। চাকরি পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। পরে নোয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে টানা ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে তাঁর পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ।

তবে সবকিছু গুছিয়ে ওঠার আগেই তাঁর জীবনে নেমে আসে বিপর্যয়। ২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে এ রোগের সঙ্গে লড়ছেন তিনি। প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন। পরে দীর্ঘ চিকিৎসায় প্রত্যাশিত সুস্থতা না আসায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান।

হাসান জানান, কেমোথেরাপি চলাকালে কোনো কারণে প্রায় এক মাস চিকিৎসায় বিরতি তৈরি হয়। এ সময়ের মধ্যে ক্যানসার আবার ফিরে আসে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে রিল্যাপ্স বলা হয়। পরে নতুন করে কেমোথেরাপি দেওয়া হলেও আগের মতো কার্যকর ফল পাওয়া যায়নি। বর্তমানে ভারতের ওই হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নিচ্ছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত মানের কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ শূন্যের কোঠায় নামিয়ে আনার পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসার জন্য আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে হাসানের চিকিৎসা। জীবন বাঁচানোর লড়াইয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।

হাসানের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরাও। তাঁদের একজন জানান, ২০২৪ সালের ডিসেম্বরে একই সময়ে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু পুলিশের চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে হাসান শেরপুর জেলায় প্রথম হয়েছিলেন। বন্ধুর এ সাফল্যে সেদিন তাঁরা আনন্দিত হয়েছিলেন। কিন্তু আজ সেই বন্ধুর অসুস্থ ও অসহায় অবস্থা দেখে কষ্ট হচ্ছে। একসময় যে বন্ধুর সাফল্যে আনন্দিত হয়েছিলেন, এখন তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। পাশাপাশি সবার কাছে হাসানের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে হাসান চিকিৎসার জন্য শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহপাঠী ও ব্যাচমেটদের কাছে সহযোগিতা চেয়েছেন। প্রতিটি ইউনিট থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি তাঁর আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অনেকের ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

চিকিৎসায় সহযোগিতা পাঠানোর মাধ্যম

- বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪
- নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯
- ডাচ্-বাংলা ব্যাংক: হিসাব নম্বর ১০৭১৫৮০৫৫৯৫৩৮, শাখা: কারওয়ান বাজার। হিসাবধারী: মো. সুরুজ্জামান (বড় ভাই)।
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ: হিসাব নম্বর ০০৩০২২৩৫৮৪২০১, শাখা: মাওনা। হিসাবধারী: শাহারিয়া ইসলাম (বন্ধু)।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন …
  • ২৬ নভেম্বর ২০২৬
জেলায় প্রথম হয়ে পুলিশে, পুরোদমে পোশাক পরার আগেই ক্যানসারে…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীতে ফের বাসে আগুন 
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যে উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয়নকে অব্যাহতি
  • ২৬ নভেম্বর ২০২৬
সুবিধা মতো সময়ে পাঠানো যাবে মেসেজ, নতুন ফিচার আনল হোয়াটসঅ্য…
  • ২৬ নভেম্বর ২০২৬