ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ছবি
শিক্ষকদের বদলি নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষক বদলির ইস্যুটি আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তবে পরবর্তী অন্তর্বর্তী সরকারও বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। দায়িত্ব নেওয়ার পর তিনি নিজেই সমস্যাটি সমাধানে কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমি মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই এসব বিষয় সমাধানের উদ্যোগ নিয়েছি। কিন্তু আজ এখান থেকে বের হলেই দেখব, বাইরে ৫০ জন দাঁড়িয়ে অনশন করছেন। কেন এমন হচ্ছে? এর উত্তর আপনারা সবাই জানেন। গত দুই বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। কিন্তু এই বদলির ইস্যুট কে তৈরি করেছে? আওয়ামী লীগ করেছে। আগের সরকার এটা তৈরি করে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারও এটা সমাধান করেনি, চিন্তাও করেনি।
তিনি বলেন, আমি চিন্তা করেছি, এটা সমাধান করতে হবে। কারণ আমি যদি আমার মন্ত্রণালয়কে শান্তিপূর্ণভাবে চালাতে চাই এবং শিক্ষকদের কাছ থেকে ভালো রিটার্ন চাই, তাহলে তাদের সন্তুষ্টি-অসন্তুষ্টির জায়গাগুলো আমাকে সমাধান করতে হবে। এটা একটা মূল সমস্যা। আমি যদি এটা সমাধান না করে ওপর দিয়ে চালিয়ে যাই, ধরুন ১০ মাস চালালাম, কিন্তু পাঁচ বছর (৬০ মাস) তো এভাবে চালাতে পারব না। এই সমস্যা পুঞ্জীভূত হতে হতে একসময় বড় ক্ষতে পরিণত হবে। আর যদি আমি এটা সমাধান করতে না পারি, সেটি আমার ব্যর্থতা।
শিক্ষক বদলির প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এক প্রান্তের শিক্ষক আরেক প্রান্তে গিয়ে পড়ে আছেন। একজন শিক্ষক যদি বাড়ি থেকে বহু দূরে থাকেন, তার যদি বাসস্থানের সুবিধা না থাকে, মানসিকভাবে যদি ক্লান্ত থাকেন, তাহলে তিনি কীভাবে ভালোভাবে পড়াবেন? আগের সরকার পাঁচটি জায়গায় পছন্দ দেওয়ার সুযোগ দিয়েছিল। তারা পছন্দ দিয়েছেন, চাকরি পেয়েছেন, কিন্তু বদলির কোনো সুযোগ ছিল না। আমার প্রশ্ন হলো, এটা একটা ভুল ব্যবস্থা।
তিনি আরও বলেন, আমি যদি মনে করি, আপনি পছন্দ দিয়েছেন, সরকার চাকরি দিয়েছে, ব্যস—এভাবেই চলতে থাকবে, তাহলে যেসব শিক্ষক মানসিকভাবে শান্তিতে নেই, তারা ক্লাসে ঠিকমতো পড়াতে পারবেন না। দিনশেষে ক্ষতিগ্রস্ত হব আমি।
শিক্ষামন্ত্রী বলেন, আমি এখানে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে এসেছি, এই ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে, পেছনে নিতে নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, একবারেই এটা করতে হবে। কে অনশন করল, কে বক্তৃতা দিয়ে বলল এত তারিখের মধ্যে দিতে হবে এসব আমি বিবেচনায় নিচ্ছি না। আমি আমাদের দেশের স্বার্থকে গুরুত্ব দিই।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন এনটিআরসিএ নিয়োগের ব্যাপারে আমি কী করতে পারি বা না পারি, তা এই লাইনে যারা আছেন, সবাই জানেন। কিছু গণমাধ্যম এমনভাবে বলছে, যেন সবকিছু একসঙ্গে করে ফেললেই হয়। আরে ভাই, সব ঢালাওভাবে করে ফেললে মান থাকবে কোথায়? মান নিয়ন্ত্রণ করতে হবে তো! আপনি এটাকে মুদি দোকানের পণ্যে পরিণত করতে পারেন না।
মন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেছিলেন, দেশে অতিরিক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার প্রবণতা তৈরি হয়েছিল। রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকলেও প্রতিষ্ঠানটি ১৪ লাখ টাকা এমপিও সুবিধা পেত।
তিনি বলেন, তখনই আমি চিন্তা করলাম, শিক্ষকদের একটা সার্টিফিকেট থাকতে হবে। যদি সার্টিফিকেট থাকে, তাহলে নতুন কোনো প্রতিষ্ঠান করতে গেলে সার্টিফাইড শিক্ষক লাগবে। সবার সঙ্গে আলোচনা করে, বুঝিয়ে ২০০৫ সালে আমরা এই যাত্রা শুরু করলাম।
বদলি ব্যবস্থার প্রয়োজনীয়তা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তখন আমার আরেকটা পরিকল্পনা ছিল। একজন অশিক্ষিত লোক গভর্নিং বডির চেয়ারম্যান হয়ে খবরদারি করেন। ভালো শিক্ষকেরা সেখানে থাকতে চান না। আমি গভর্নিং বডির রাজনৈতিক জায়গায় হাত দিতে পারব না, এটা সম্ভব নয়। তাই আমাকে শিক্ষক বদলির ব্যবস্থা রাখতেই হবে। আবার কোনো শিক্ষকের স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব থাকলে তাকে চাইলেই সরানো যায় না। শাস্তিমূলক ব্যবস্থার জন্যও বদলি প্রয়োজন। আমি তখনই ভেবেছিলাম, বদলি ব্যবস্থা রাখতেই হবে।