ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নে হলো ৫ পরীক্ষা

২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ PM
ফাঁস হওয়া প্রশ্নপত্র

ফাঁস হওয়া প্রশ্নপত্র © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই ইউটিউবে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ‘Abir Mentor’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এসব প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ওই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নিয়েছে। এ ঘটনায় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও পাঠদানের মান যাচাই করতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা। তবে ত্রিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা মানছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনামূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নিচ্ছে বিদ্যালয়গুলো। এসব প্রশ্ন পরীক্ষার আগেই বাইরে ছড়িয়ে পড়ছে।

সরেজমিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা গেছে, নির্ধারিত পরীক্ষার তারিখের আগেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পূর্বনির্ধারিত পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর নির্ধারিত ছিল। তবে ২৫ নভেম্বরই ইউটিউবে পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাওয়া প্রশ্ন পাওয়া যায়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা দিতে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলেছে এটা শোনা মাত্রই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে এ পরীক্ষাগুলো নতুন প্রশ্ন তৈরি করে নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, যেহেতু ইউটিউবের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গিয়েছে, বিষয়টি কীভাবে ঘটেছে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, পরীক্ষার প্রশ্নপত্র আগাম প্রকাশের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশ্নপত্র তৈরির ও সংগ্রহের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে স্বচ্ছতা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র কেন ইউটিউবে আসবে? এর সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নে হলো ৫ পরীক্ষা
  • ২৬ নভেম্বর ২০২৬
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেত…
  • ২৬ নভেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন …
  • ২৬ নভেম্বর ২০২৬
জেলায় প্রথম হয়ে পুলিশে, পুরোদমে পোশাক পরার আগেই ক্যানসারে…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীতে ফের বাসে আগুন 
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যে উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬